hadith book logo

শামায়েলে তিরমিযী

লেখকঃ মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

অধ্যায়-৪ : রাসূলুল্লাহ ﷺ এর মাথার চুল বিন্যাস করা

রাসূলুল্লাহ ﷺ মাথার কেশ পরিপাটি করতেন :

عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُوْلِ اللهِ وَاَنَا حَائِضٌ

২৭. আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি হায়েয (ঋতুবতী) অবস্থায় রাসূলুল্লাহ ﷺ এর মাথার কেশ পরিপাটি করতাম। [মুয়াত্তা ইমাম মালেক, হা/১৩৩; সহীহ বুখারী, হা/২৯৫; নাসাঈ, হা/২৭৭; মু‘জামুল আওসাত, হা/২০৬৬; দারেমী, হা/১০৫৮; সহীহ ইবনে হিববান, হা/১৩৫৯; মিশকাত, হা/৪৪১৯।]

তিনি ডান দিক থেকে কেশ বিন্যাস করতেন :

عَنْ عَائِشَةَ قَالَتْ : اِنْ كَانَ رَسُوْلُ اللهِ لَيُحِبُّ التَّيَمُّنَ فِيْ طُهُوْرِهٖ اِذَا تَطَهَّرَ ، وَفِيْ تَرَجُّلِهٖ اِذَا تَرَجَّلَ ، وَفِي اِنْتِعَالِهٖ اِذَا انْتَعَلَ

২৮. আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যখন ওযূ করতেন তখন ডান দিক থেকে শুরু করতেন, কেশ বিন্যাস ও জুতা পরিধানের কাজও ডান দিক থেকে আরম্ভ করতেন। [সহীহ মুসলিম, হা/৬৩৯; ইবনে মাজাহ, হা/৪০১; মুসনাদে আহমাদ, হা/২৫৭০৫; মুসনাদে আবু ই‘আলা, হা/৪৮৫১।]

ব্যাখ্যা : হাদীসে উল্লেখিত বিষয়গুলোই নয়; বরং যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায়, সেসব কাজ ডান দিকে হতে আরম্ভ করা মুস্তাহাব। যেমন- জামা বা মোজা পরিধান করার সময় ডান দিক থেকে শুরু করা পছন্দনীয়। কারণ এর দ্বারা সৌন্দর্য বৃদ্ধি পায়। এমনিভাবে মসজিদে প্রবেশ করার সময় ডান পা প্রথমে দেবে। কারণ মসজিদে প্রবেশ করা মর্যাদার বিষয়। আর যেসব কাজে সৌনদর্য ও মর্যাদা বৃদ্ধি পায় না, সেসব কাজ বাম দিক থেকে আরম্ভ করা মুস্তাহাব। যেমন- পায়খানায় প্রবেশের সময় বাম পা আগে দেয়া, কাপড় ও জুতা খোলার সময় বাম পার্শ্ব হতে খুলা আরম্ভ করা এবং মসজিদ হতে বের হওয়ার সময় বাম পা আগে বের করা। আয়েশা (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীসটি মূলনীতি হিসেবে গণ্য হবে।

তিনি প্রত্যহ কেশ বিন্যাস করতে নিষেধ করেছেন :

عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ ، قَالَ : نَهٰى رَسُوْلُ اللهِ عنِ التَّرَجُّلِ اِلَّا غِبًّا

২৯. আবদুল্লাহ ইবনে মুগাফ্ফাল (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ প্রত্যহ (বারবার) কেশ বিন্যাস করতে নিষেধ করেছেন। [আবু দাউদ, হা/৪১৬১; নাসাঈ, হা/৫০৫৬; মুসনাদে আহমাদ, হা/১৬৮৩৯; মু‘জামুল কাবীর, হা/১৬৬৪; সহীহ ইবনে হিববান, হা/৫৪৮৪; জামেউস সগীর, হা/১২৮২৬; সিলসিলা সহীহাহ, হা/৫০১; মিশকাত, হা/৪৪৪৮।]

ব্যাখ্যা : আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ ﷺ প্রতিদিন চুল আঁচড়াতে নিষেধ করেছেন। তিনি কখনো প্রয়োজনে বারবার চুল আঁচড়াতেন। আবার কখনো প্রয়োজন মনে না করলে আঁচড়াতেন না। মোটকথা মাথা আঁচড়ানোর ক্ষেত্রে করণীয় হলো মধ্যমপন্থা অবলম্বন করা।

- بَابُ مَا جَاءَ فِيْ شَيْبِ رَسُوْلِ اللهِ