hadith book logo

শামায়েলে তিরমিযী

লেখকঃ মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

অনুবাদকের ভূমিকা

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِهٖ مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِهٖ وَصَحْبِهٖ اَجْمَعِيْنَ

‘সহীহ শামায়েলে তিরমিযী’ কিতাবটি প্রকাশ করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। দরূদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মাদ ﷺ এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবায়ে কেরাম (রাঃ) এর উপর।

প্রত্যেক মুসলিম নর-নরীর উচিত বিশ্বনবী মুহাম্মাদ ﷺ এর চরিত্রে চরিত্রবান হওয়া। কেননা মুহাম্মাদ ﷺ এর চেয়ে উত্তম চরিত্রের দৃষ্টান্ত দ্বিতীয় আর কেউ হতে পারে না। আল্লাহ তা‘আলা বলেন-

﴿وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ﴾

‘‘নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী’’। (সূরা ক্বালাম- ৪)

আল্লাহ তা‘আলা আমাদেরকে রাসূলুল্লাহ ﷺ এর চরিত্রে চরিত্রবান হওয়ার এবং তাঁর আদর্শকে গ্রহণ করার নিদের্শ দিয়েছেন। তিনি বলেন-

﴿لَقَدْ كَانَ لَكُمْ فِيْ رَسُوْلِ اللهِ اُسْوَةٌ حَسَنَةٌ ﴾

‘‘নিশ্চয় আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।’’ (সূরা আহযাব- ২১)

যে ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ এর সুন্নত অনুযায়ী চলার অভ্যাস করবে আল্লাহ তা‘আলা তার অন্তরকে আলোকিত করে দেবেন এবং সে উভয় জগতে কল্যাণ লাভ করবে। সুতরাং আমরা রাসূলুল্লাহ ﷺ এর গুণাবলি পড়ব, শুনব এবং নিজেরাও ঐরূপ গুণের অধিকারী হওয়ার চেষ্টা করব। তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে সম্মান ও সফলতার অধিকারী হতে পারব, ইনশা-আল্লাহ।

শামায়েলে তিরমিযীর কিছু যয়ীফ হাদীস রয়েছে। এ গ্রন্থে যয়ীফ হাদীসগুলো বাদ দিয়ে কেবল সহীহ হাদীসগুলো সংকলন করা হয়েছে। বুঝার সবিধার্থে প্রায় হাদীসের শুরুতে শিরোনাম দেয়া হয়েছে। অনেক হাদীসের সাথে ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। মূল শামায়েলে তিরমিযীর সহীহ হাদীসগুলো অন্যান্য হাদীস গ্রন্থের যেসব কিতাবে রয়েছে নাম্বারসহ সেসব কিতাবের রেফারেন্স দেয়া হয়েছে। এ গ্রন্থের মাধ্যমে পাঠকরা রাসূলুল্লাহ ﷺ এর দৈহিক, চারিত্রিক ও ব্যবহারিক গুণাবলি সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। আমরা সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ ﷺ এর আদর্শ অনুসরণ করার চেষ্টা করব। আল্লাহ তা‘আলা আমাদের সে তাওফীক দান করুন। আমীন!

বইটি প্রকাশনার কাজে যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তা‘আলা যেন সবাইকে উত্তম বিনিময় দান করেন এবং আমাদেরকে উত্তম চরিত্র গঠন করার তাওফীক দান করেন। আর তিনি যেন আমাদেরকে এর ওসীলায় দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তির ফয়সালা করে দেন। আমীন!!

মা‘আস্সালাম

শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী