hadith book logo

শামায়েলে তিরমিযী

লেখকঃ মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৪

অধ্যায়- ৫১ : রাসূলুল্লাহ ﷺ এর নাম

عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ  : اِنَّ لِيْ اَسْمَاءً اَنَا مُحَمَّدٌ ، وَاَنَا اَحْمَدُ ، وَاَنَا الْمَاحِي الَّذِيْ يَمْحُو اللهُ بِيَ الْكُفْرَ ، وَاَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلٰى قَدَمِيْ ، وَاَنَا الْعَاقِبُ وَالْعَاقِبُ الَّذِيْ لَيْسَ بَعْدَهٗ نَبِيٌّ

২৮২. যুবায়ের ইবনে মুতয়িম (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আমার একাধিক নাম রয়েছে। আমার নাম মুহাম্মাদ, আহমাদ, মাহী (ধ্বংসকারী); আল্লাহ তা‘আলা আমার দ্বারা কুফরী ধ্বংস করবেন। আমার নাম হা-শির (একত্রকারী); লোকদেরকে একত্রিত করার আগে আল্লাহ তা‘আলা আমাকে উঠাবেন। আমার নাম আ-কিব (সর্বশেষ আগমনকারী নবী); অর্থাৎ তাঁর পরে আর কোন নবীর আগমন হবে না। [সহীহ বুখারী, হা/৪৮৯৬; সহীহ মুসলিম, হা/৬২৫২; মুসনাদে আহমাদ, হা/১৬৫৮০; মুসনাদে বাযযার, হা/৩৪১৩; মুজামুল কাবীর লিত তাবারানী, হা/১৫০৪; ইবনে হিববান, হা/৬৩১৩।]

ব্যাখ্যা : অত্র হাদীসে শেষ ৩টির শাব্দিক বিশ্লেষণ উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রথম ২টি নামের বিশ্লেষণ উল্লেখ করা হয়নি। সম্ভবত প্রথম দুটি রাসূলুল্লাহ ﷺ এর সত্ত্বাগত নাম আর শেষোক্ত তিনটি গুণবাচক নাম।

عَنْ حُذَيْفَةَ قَالَ : لَقِيْتُ النَّبِيَّ فِي بَعْضِ طُرُقِ الْمَدِيْنَةِ فَقَالَ : اَنَا مُحَمَّدٌ ، وَاَنَا اَحْمَدُ ، وَاَنَا نَبِيُّ الرَّحْمَةِ ، وَنَبِيُّ التَّوْبَةِ ، وَاَنَا الْمُقَفّٰى ، وَاَنَا الْحَاشِرُ ، وَنَبِيُّ الْمَلَاحِمِ

২৮৩. হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার মদিনার কোন এক রাস্তায় নবী ﷺ এর সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি বললেন, আমি মুহাম্মাদ, আমি আহমাদ, আমি নবীউর রহমত (রহমতের নবী) আমি নবীউত তাওবা (তাওবার নবী), আমি মুকাফফী (পরে আগমনকারী), আমি হাশির (একত্রকারী), আমি মালাহিমের নবী (জিহাদকারী)। [মুসনাদে আহমাদ, হা/২৩৪৯২; শারহুস সুন্নাহ, হা/৩৬৩১; মুস্তাদরাকে হাকেম, হা/৪১৮৫; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হা/৩২৩৫১; মুসনাদুত তায়ালুসী, হা/৪৯৪।]

ব্যাখ্যা : রাসূলুল্লাহ ﷺ এর একটি গুণবাচক নাম হচ্ছে, দয়ার নবী। তিনি ছিলেন সকলের জন্য রহ্মত। রাসূলুল্লাহ ﷺ এর আরো একটি গুণবাচক নাম ‘আল মুক্বাফ্ফী’ পূর্ণতা দানকারী। যার পরে আর কোন নবীর আগমন হবে না, তাঁর আগমনের মাধ্যমে নবুওয়াত পূর্ণতা লাভ করেছেন।

রাসূলুল্লাহ ﷺ এর আরো একটি গুণবাচক নাম হলো ‘নবিউল মালাহিম’ অর্থাৎ- জিহাদের নবী। রাসূলুল্লাহ ﷺ সত্য দ্বীনকে বিজয়ী করা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছেন এবং তিনি বলেছেন, আমার আগমন থেকে ক্বিয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। তাই তাঁর আরেকটি গুণবাচক নাম হচ্ছে ‘নবিউল মালাহিম’।

- بَابُ : مَا جَاءَ فِي عَيْشِ النَّبِيِّ