hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

অনুচ্ছেদ-১৩: কম লোক উপস্থিত হলে ঈশার জামাআত দেরিতে শুরু করা সুন্নাত। [. তাবেঈ আমর বিন হাসান বিন আলী (রহ) বর্ণনা করেন:سَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنْ صَلَاةِ النَّبِيِّ ﷺ فَقَالَ كَانَ يُصَلِّي الظُّهْرَ بِالْهَاجِرَةِ وَالْعَصْرَ وَالشَّمْسُ حَيَّةٌ وَالْمَغْرِبَ إِذَا وَجَبَتْ وَالْعِشَاءَ إِذَا كَثُرَ النَّاسُ عَجَّلَ وَإِذَا قَلُّوا أَخَّرَ وَالصُّبْح بِغَلَس“আমরা সাহাবী জাবির বিন আব্দুল্লাহকে নবী (স) -এর সলাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি (স) বললেন: নবী (স) যোহর পড়তেন মধ্যাহ্ন গড়ালেই, আসর পড়তেন সূর্য জীবন্ত থাকতেই, মাগরিব পড়তেন সূর্য ডুবলেই। ঈশার ক্ষেত্রে লোক বেশি হলে শীঘ্র পড়তেন আর লোক কম হলে দেরি করতেন এবং ফজর পড়তেন অন্ধকারে।” [সহীহ বুখারী হা/৫৬৫, সহীহ মুসলিম হা/১৩৪৬ (২৩৩/৬৪৬) মিশকাত হা/৫৮৮]] পক্ষান্তরে আসরের জামাআত দেরিতে আদায় হলে একাকী সঠিক সময়ে আদায় করাটা নবী (স)-এর নির্দেশ।

হাদীস-১২: সাহাবী উবাদাহ বিন সামিত (রা) থেকে বর্ণিত, তিনি (রা) বলেন:

قَالَ رَسُولُ اللهِ ﷺ ‏ " ‏ إِنَّهَا سَتَكُونُ عَلَيْكُمْ بَعْدِي أُمَرَاءُ تَشْغَلُهُمْ أَشْيَاءُ عَنِ الصَّلَاةِ لِوَقْتِهَا حَتَّى يَذْهَبَ وَقْتُهَا فَصَلُّوا الصَّلَاةَ لِوَقْتِهَا ‏ " ‏ . ‏ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللهِ أُصَلِّي مَعَهُمْ قَالَ " ‏ نَعَمْ إِنْ شِئْتَ ‏ " ‏‏ . ‏ وَقَالَ سُفْيَانُ إِنْ أَدْرَكْتُهَا مَعَهُمْ أَأُصَلِّي مَعَهُمْ قَالَ‏ " ‏ نَعَمْ إِنْ شِئْتَ ‏ "

“রসূলুল্লাহ (স) বলেছেন: অচিরেই আমার পরে তোমাদের উপর এমন শাসকদের আগমন ঘটবে কর্মব্যস্ততা যাদেরকে নির্ধারিত সময়ে সলাত আদায় হতে বিরত রাখবে, এমনকি সলাতের ওয়াক্ত চলে যাবে। অতএব তখন তোমরা নির্ধারিত সময়ে সলাত আদায় করে নিবে। এক ব্যক্তি বলল, ইয়া রসূলাল্লাহ! আমি কি ঐ সলাত পুনরায় তাদের সাথেও আদায় করব? তিনি বললেন, হ্যাঁ, ইচ্ছে হলে আদায় করতে পার।” [. আবূ দাউদ হা/৪৩৩; সহীহ- আলবানী।]

সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা) থেকেও অনুরূপ হাদীস প্রমাণিত (হাদীস নং-৪০)। নির্ধারিত সময়ে সলাত আদায় না করার অর্থ- সূর্য হলুদ হওয়া তথা আসরের সঠিক ওয়াক্ত শেষ হওয়ার পর সলাত আদায় করা। বর্ণনা সামনে আসবে (হাদীস নং: ২৪-২৮) ইনশাআল্লাহ।