hadith book logo

আসরের সলাতের সঠিক ওয়াক্ত

লেখকঃ কামাল আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০

অনুচ্ছেদ-৪৫: একাকি হলেও দেরিতে আদায়কৃত জামাআতে শরীক না হয়ে একাকি সলাত আদায়কে ‘সলাত হেফাযত’ বলা হয়েছে। [. দ্র. হা/৩৮।] কেননা, ওয়াক্তমতো সলাত আদায় করা আল্লাহ হক্ব বা তাঁরই নির্দেশ। পক্ষান্তরে মানবিক প্রয়োজন, যেমন- খাবার, পেশাব-পায়খানা, ঝড়-বৃষ্টি, ঠান্ডা প্রভৃতি কারণে জামাআতে শরীক না হওয়াটা বান্দার হক্ব। যদি বান্দার হক্ব আদায়ে জামাআত ত্যাগ করা যায়- তা হলে আল্লাহর হক্ব আদায়ে জামাআত ত্যাগ করা আরও বেশি প্রাধান্য পাবার যোগ্য। যেভাবে ঋণ বান্দার হক্ব, আর ক্বাযা সিয়াম আল্লাহর ঋণ। নবী (স) এক্ষেত্রে আল্লাহর হক্ব অগ্রাধিকার পাওয়ার সুন্দর উদাহরণ উপস্থাপন করেছেন।

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ ﷺ , فَقَالَتْ : إِنَّ أُخْتِي مَاتَتْ وَعَلَيْهَا صِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ , قَالَ : أَرَأَيْتِ إِنْ كَانَ عَلَى أُخْتِكِ دَيْنٌ , أَكُنْتِ قَضَيْتِهِ " , قَالَتْ : نَعَمْ , قَالَ : «فَحَقُّ اللَّهِ أَحَقُّ» .

ইবনু আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি (রা) বলেন: একজন মহিলা নবী (স)-এর কাছে আসল। সে বলল: আমার বোন মারা গেছেন। তার উপর দুইমাসের ধারাবাহিক সিয়াম রাখার দাবি ছিল। নবী (স) বললেন: আমাকে বল, যদি তোমার বোনের ঋণ থাকত, তা হলে কি তা আদায় করতে? মহিলাটি বলল: জি হ্যাঁ। নবী (স) বললেন: তা হলে আল্লাহর হক্ব আদায় করার দাবিই প্রাধান্যপ্রাপ্ত। [. সহীহ ইবনু খুযায়মাহ হা/২০৫৫; অনুরূপ: সহীহ বুখারী হা/১৯৫৩, সহীহ মুসলিম হা/২৫৮৩ (১৫৪/১১৪৮), তিরমিযী হা/৭১৬, ইবনু মাজাহ হা/১৭৫৮, সুনানু কুবরা নাসাঈ হা/২৯২৬।]

এ কারণে আল্লাহর নির্দেশ সময়মতো সলাত আদায় করলে আল্লাহর হক্ব তথা তাঁর নির্দেশ পালন করাটা প্রাধান্যপ্রাপ্ত। মুসলিমদের ইমাম বা শাসক এবং সর্বসাধারণ মুসলিমদের সাথে জামাআতে সলাত দেরিতে আদায় করা হলে এক্ষেত্রে আল্লাহর হক্বকে প্রাধান্য দিতে হবে। সম্ভব হলে পরে বান্দাদের সাথে জামাআতে শরীক হয়ে তাদের হক্ব পূরণ করা যাবে। যেভাবে পূর্বে হাদীস বর্ণিত হয়েছে।