hadith book logo

তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন

লেখকঃ শামছুল হক ছিদ্দিক, নোমান আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

অন্তরের ব্যাধি সমূহ দু প্রকার

যথা (এক) সন্দেহপূর্ণ ব্যাধি : এটাই হল কঠিনতম ব্যাধি। সকল ভ্রান্ত বিশ্বাস এ ব্যাধির অন্তর্ভুক্ত। এগুলোর মধ্যে সর্বোচ্চ কঠিন ব্যাধি হল শিরক। নেফাক ও বেদআত। আল্লাহ তাআলা বলেন—

فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا . ﴿البقرة : 10﴾

‘তাদের অন্তর সমূহে রয়েছে ব্যাধি, অত:পর আল্লাহ তাদের ব্যাধিকে অধিক বাড়িয়ে দিয়েছেন। [বাকারা : ১০]

সন্দেহ ও সংশয়পূর্ণ বিষয় থেকে বেঁচে থাকার সঠিক পথ হল আল্লাহর কিতাব ও সুন্নতে নববীকে দৃঢ়ভাবে অবলম্বন করা। এবং যে সব বিষয়ে পূর্বসূরি সৎকর্মশীলগণ বিরত থেকেছেন সেগুলোতে বিরত থাকা।

(দুই) প্রবৃত্তিগত ব্যাধি : এ ব্যাধির মধ্যে প্রত্যেক ঐ কাজ অন্তর্ভুক্ত যা বান্দা জ্ঞাতসারে করে এবং এ বিশ্বাস পোষণ করে যে এই কাজ সত্যের পরিপন্থী। এর উদাহরণ হল হিংসা, কার্পণ্য, অবৈধ যৌনাকাঙ্ক্ষা, নিষিদ্ধ দৃষ্টি দান। আল্লাহ তাআলা বলেছেন—

فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا . ﴿الأحزاب : 32﴾

‘তোমরা কথা বলতে বিনম্র হয়ো না, তবে যার হৃদয়ে ব্যাধি রয়েছে সে লালায়িত হবে।’ [আল-আহযাব : ৩২] অন্যায় চাহিদা ও আকাঙ্ক্ষা থেকে বেঁচে থাকার সঠিক পদ্ধতি হল আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশিত বিষয়কে গভীরভাবে আঁকড়ে থাকা এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অননুমোদিত বিষয় থেকে যথাযথ বেঁচে থাকা।