hadith book logo

রমযানের বিষয়ভিত্তিক হাদীস শিক্ষা ও মাসায়েল

লেখকঃ ইবরাহীম ইবন মুহাম্মাদ আল-হাকীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

১১. তারাবীর সালাতের বিধান

যায়েদ ইবন সাবেত রাদিয়াল্লাহু আনহু‎ থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাই দ্বারা একটি ছোট হুজরার ন্যায় বানিয়ে তাতে সালাত আদায়ের জন্য বের হন, লোকেরা তার পিছু নিল ও তার সাথে সালাত আদায় করতে লাগল। অতঃপর তারা পরবর্তী রাতে উপস্থিত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্ব করলেন, বের হলেন না, তারা জোরে আওয়াজ দিতে লাগল ও দরজায় ছোট পাথর নিক্ষেপ করে জানান দিচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট রাগান্বিত অবস্থায় বের হলেন, অতঃপর বললেন: তোমাদের এ কর্ম দেখে আমার ধারণা হচ্ছে তোমাদের ওপর এ সালাত ফরয করে দেওয়া হবে, তোমরা তোমাদের ঘরে সালাত আদায় কর, কারণ, ব্যক্তির সালাত ঘরেই উত্তম, শুধু ফরয ব্যতীত”। [সহীহ বুখারী, হাদীস নং ৫৭৬২; সহীহ মুসলিম, হাদীস নং ৭৮১।]

অপর বর্ণনায় আছে: “আমার আশঙ্কা হচ্ছে তোমাদের ওপর এ সালাত ফরয করা হবে, আর যদি ফরয করা হয় তোমরা তা আদায় করতে পারবে না”। [সহীহ বুখারী, হাদীস নং ৬৮৬০; সহীহ মুসলিম, হাদীস নং ৭৮১।]

শিক্ষা ও মাসায়েল:

এক. দুনিয়ার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনাসক্তি, তিনি খুব নরমাল ও অনাড়ম্বর আসবাব পত্র ব্যবহার করতেন।

দুই. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক ইবাদত করতেন, অথচ তার অগ্র-পশ্চাতের সকল পাপ মোচন করা হয়েছে।

তিন. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের প্রতি সাহাবীদের আগ্রহ।

চার. কিয়ামুল্লাইলের ফযীলত, বিশেষ করে রমযানে।

পাঁচ. মসজিদে নফল সালাত বৈধ। [শরহুন নববী আলাল মুসলিম, হাদীস নং ৬/৬৯)।]

ছয়. তারাবীর সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তিনি এর সূচনা করেছেন। অতঃপর উম্মতের ওপর ফরয হওয়ার আশঙ্কায় তা ত্যাগ করেন। পুনরায় উমার রাদিয়াল্লাহু আনহু‎ তা জীবিত করেন। [ফাতহুল বারি: (৩/১৪)।]

সাত. আমির বা মুসলিম প্রধান যখন অভ্যাসের বিপরীত কিছু করেন, তখন তার কারণ, বলে দেওয়া উচিৎ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। [ফাতহুল বারি: (৩/১৪); তারহুত দাসরিব: (৩/৯০)।]

আট. উম্মতের ওপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া যে, তিনি তাদের ওপর ইবাদতের চাপ কমিয়ে দিয়েছেন। আল্লাহ তাকে আমাদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন। আমির ও মুরুব্বিদের উচিৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ আদর্শ গ্রহণ করা। [ফাতহুল বারি: (৩/১৪)।]

নয়. অনিষ্ট থেকে সুরক্ষার জন্য কতক স্বার্থ ত্যাগ করা বৈধ, অনুরূপ অধিক গুরুত্বপূর্ণকে অগ্রাধিকার দেওয়া জরুরি। [শারহুন নববী আলা মুসলিম, হাদীস নং ৬/৬৯); ফাতহুল বারি: (৩/১৪)।]

দশ. জমা‘আতের সাথে নফল আদায়ের সময় আযান ও ইকামত নেই, যেমন তারাবীর সালাত। [ফাতহুল বারি: (৩/১৪); তারহুত তাসরিব: (৩/৯০)।]

এগার. নফল সালাত মসজিদের তুলনায় ঘরে পড়া অধিক উত্তম, তবে যে নফল জামা‘আতসহ পড়া উত্তম তা ব্যতীত, যেমন ইস্তেস্কা ও তারাবীর সালাত। [শারহুন নববী আলাল মুসলিম, হাদীস নং ৬/৭০); মিরকাতুল মাফাতিহ: (৩/৩৩৪)।]