hadith book logo

রমযানের বিষয়ভিত্তিক হাদীস শিক্ষা ও মাসায়েল

লেখকঃ ইবরাহীম ইবন মুহাম্মাদ আল-হাকীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৪

৪১. রমযানের শেষ দশকে রাত্রি জাগরণ

আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন (রমযানের) শেষ দশক উপস্থিত হত, নবী সাল্লাল্লাহু ‎ আলাইহি ওয়া সাল্লাম লুঙ্গি শক্ত করে বাঁধতেন, রাত্রি জাগরণ করতেন ও পরিবারের সদস্যদের জাগিয়ে তুলতেন”। [সহীহ বুখারী, হাদীস নং ১৯২০; সহীহ মুসলিম, হাদীস নং ১১৭৪।]

আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশকে ‎ এমন মুজাহাদা করতেন, যা তিনি অন্য সময় করতেন না। [মুসলিম, হাদীস নং ১১৭৫।]‎

আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশকে নিজ পরিবারকে ‎ জাগ্রত করতেন। [তিরমিযী, হাদীস নং ৭৯৫।] ‎ ‎

হাদীসটি ইমাম আহমদ রহ. এভাবে বর্ণনা করেন: “রমযানের শেষ দশক শুরু হলে নবী ‎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে লোকদের জাগাতেন ও লুঙ্গি উঁচু করে নিতেন। আবু ‎ বকর ইবন আইইয়াশকে জিজ্ঞেস করা হলো, লুঙ্গি উঁচু করে পরার অর্থ কী? তিনি বললেন : স্ত্রীদের সঙ্গ ত্যাগ।‎ [আহমদ: (১/১৩২)।]

শিক্ষা ও মাসায়েল:‎

‎এক. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য অধিক পরিশ্রম করতেন, অথচ আল্লাহ তার পূর্বাপর সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তবে অন্যান্য রাতের তুলনায় রমযানের শেষ দশকের রাতসমূহে তার পরিশ্রম অধিক ছিল।

দুই. রমযানের শেষ দশকে স্ত্রী-সঙ্গ ত্যাগ করে সালাত, যিকির প্রভৃতি ইবাদতে আত্মনিয়োগ ‎ করে বিনিদ্র রাত কাটানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আদর্শ। ‎

তিন. রমযানের শেষ দশকের রাতে পরিবারের সদস্যদের ঘুম থেকে ইবাদতের জন্য জাগিয়ে তুলা ‎ সুন্নত। যদি রমযানে তাদের রাত জাগার অভ্যাস হয়, তাহলে যেন গল্প-গুজব ত্যাগ করে সালাত ও ‎ যিকির-আযকারে লিপ্ত থাকে। ‎

চার. গৃহকর্তা স্ত্রী-সন্তানদের ওপর নফল ইবাদত আবশ্যক ও তার চাপ প্রয়োগ করতে পারেন, এ ক্ষেত্রে তার আনুগত্য তাদের ওপর ওয়াজিব। [শারহু ইবন বাত্তাল: (৪/১৫৯); আল-মুফহিম: (৩/২৪৯)।]

পাঁচ. রমযানের শেষ দশকের রাতে সালাত ও যিকরে মগ্ন থাকা মোস্তাহাব। কারণ, তা নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ‎ আমল, উপরের হাদীস তার প্রমাণ। আর সারারাত জাগ্রত থাকার ব্যাপারে যে নিষেধাজ্ঞা রয়েছে, তার অর্থ সারা বছর রাত জাগ্রত থাকা, তবে যেসব ‎ রাতে বিশেষ ফযীলত রয়েছে যেমন শেষ দশকের রাত, তা ব্যাপক নিষেধাজ্ঞা থেকে ব্যতিক্রম। [শারহুন নববী আলা মুসলিম (৮/৭১); ফাতাওয়াল কুবরা লি ইবন তাইমিয়াহ: (২/৪৯৮); দিবায: (৩/২৬৪); আউনুল মাবুদ: (৪/১৭৬); আদদুরারিল মুদিয়াহ লিশ শাওকানি: (১/২৩৪)।]

ছয়. শেষ দশকের রাতগুলো জাগার উদ্দেশ্য লাইলাতুল কদর সন্ধান করা। আল্লাহর ‎ অশেষ অনুগ্রহ যে তিনি লাইলাতুল কদর রমযানের শেষ দশকে সীমাবদ্ধ রেখেছেন, যদি সারা বছর তার সম্ভাবনা থাকত, তাহলে তার অনুসন্ধানে অনেকের খুব কষ্ট হত, বরং অধিকাংশ লোক তার থেকে মাহরূম থাকত। [শারহু ইবন বাত্তাল: (৪/১৫৯)।]