hadith book logo

রমযানের বিষয়ভিত্তিক হাদীস শিক্ষা ও মাসায়েল

লেখকঃ ইবরাহীম ইবন মুহাম্মাদ আল-হাকীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

২৭. সাওমের মাধ্যমে যৌন চাহিদা হ্রাস করা

ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু‎ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, ‎ তিনি বলেন,

«مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْج، ومَنْ لم يَسْتَطِعْ فَعَلَيهِ بالصَّومِ فَإِنَّهُ له وِجَاء» متفق عليه .

“তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, কারণ, তা দৃষ্টি অবনতকারী ও ‎ লজ্জাস্থান হিফাযতকারী। আর যে সামর্থ্যবান নয়, সে যেন সাওম আঁকড়ে ধরে। কারণ, ‎ তা যৌন চাহিদার জন্য ভঙ্গুরতা”। [সহীহ বুখারী, হাদীস নং ১৮০৬; সহীহ মুসলিম, হাদীস নং ১৪০০।]

জাবের ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু‎ থেকে বর্ণিত, এক যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ‎ নপুংসক হওয়ার অনুমতি চাইল। তিনি বললেন: ‎

«صُمْ وسَلِ الله عَزَّ وجَلَّ مِنْ فَضْلِه» رواه أحمد .

“সাওম রাখ আর আল্লাহ নিকট তার অনুগ্রহ প্রার্থনা কর”। [আহমদ: (৩/৩৮২); ইবন মুবারক ফিয যুহদ: (১১০৭), তার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য; কিন্তু জাবের থেকে বর্ণনাকারী ব্যক্তি মাজহুল ও অপরিচিত, তবে এর দু’টি শাহেদ হাদীস আছে।]‎

আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহু‎ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে বলল: হে আল্লাহর রাসূল, আমাকে নপুংসক হওয়ার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন:

«خِصَاءُ أُمَّتِي الصِّيامُ والقِيام» .‎

“আমার উম্মতের খাসী করা বা নপুংসকতা হলো সিয়াম ও কিয়াম”। [আহমদ: (২/১৭৩), বগভি ফি শারহিস সুন্নাহ: (২২৩৮); হায়সামি: (৪/২৫৩), তিনি তাবরানির সূত্রে উল্লেখ করেছেন। তিনি বলেছেন এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য, কতিপয়ের ব্যাপারে দ্বিমত রয়েছে, শাইখ আহমদ শাকের: (৬৬১২) ও আলবানি: (১৮৩০), এ হাদীসটি সহীহ বলেছেন। তবে তাদের বিশুদ্ধ হাদীসে “কিয়াম” নেই। কারণ তা দুর্বল, যেমন আলবানি তা বর্ণনা করেছেন।]

শিক্ষা ও মাসায়েল:‎

এক. সাহাবীদের মধ্যে আল্লাহর ইবাদতের আগ্রহ, তার অবাধ্যতার ভয়, দীনের যাবতীয় বিষয় অকপটে জিজ্ঞেস করা ও আখিরাতের প্রতি গভীর মনোযোগের প্রমাণ রয়েছে এ হাদীসে।

‎দুই. যৌনা চাহিদা দমন করার জন্য খাসী করা বা নপুংসক হওয়া নিষিদ্ধ। এ দ্বারা ‎ প্রতীয়মান হয় যে, নপুংসক হওয়া বৈধ নয়। ‎

তিন. যৌনাবেগ দমন করার জন্য ঔষধ ব্যবহার করা বৈধ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের মাধ্যমে তা দমন করতে বলেছেন। [শারহুস সুন্নাহ লিল বগভি: (৯/৬)।]

চার. সামর্থবান ব্যক্তির জন্য বিবাহ করা মর্যাদার, এটা বান্দার ইবাদত হিসেবে গণ্য ও তার ওপর আল্লাহর অনুগ্রহ।

পাঁচ. যার বিবাহের সামর্থ্য নেই, তার উচিৎ আল্লাহর নিকট বিবাহের খরচ প্রার্থনা করা এবং সিয়াম পালন করা যতক্ষণ না আল্লাহ তার ব্যবস্থা করেন।

ছয়. খাদ্য, পানীয় ও স্ত্রীগমন উপভোগ করা নবীর আদর্শ। ইবাদত ও বুজুর্গি ভেবে এসব ‎‎ থেকে বিরত থাকা সুন্নাতের স্পষ্ট লঙ্ঘন।‎