hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

ইশরাকের সালাতের ফযীলত

اِشْرَاقٌ (ইশরাক) অর্থ চমকিত হওয়া। আর ضُحٰى (যোহা) অর্থ সূর্য গরম হওয়া। সূর্যোদয়ের ১৫ মিনিট পর প্রথম প্রহরের শুরম্নতে পড়লে তাকে সালাতুল ইশরাক বলা হয় এবং কিছু পরে দ্বিপ্রহরের পূর্বে পড়লে তাকে সালাতুয যোহা বা চাশতের সালাত বলা হয়। এর শেষ সময় যোহরের ১৫ মিনিট আগ পর্যন্ত।

এ সালাতের অনেক ফযীলত রয়েছে।

عَنْ اَنَسٍ ، قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ : مَنْ صَلَّى الْغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللهَ حَتّٰى تَطْلُعَ الشَّمْسُ ، ثُمَّ صَلّٰى رَكْعَتَيْنِ كَانَتْ لَهٗ كَاَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ

আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি জামাআতের সাথে ফজরের সালাত আদায় করার পর সূর্যোদয় হওয়া পর্যন্ত যিকিরে লিপ্ত থাকবে এবং সূর্য আলোকিত হলে দু’রাক‘আত সালাত আদায় করবে, আল্লাহ তাকে একটি পরিপূর্ণ হজ্জ ও উমরার সওয়াব দান করবেন। [তিরমিযী, হা/৫৮৬; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৪৬৪; জামেউস সগীর, হা/১১২৯২; সিলসিলা সহীহাহ, হা/৩৪০৩।]

عَنْ أَبِى ذَرٍّ عَنِ النَّبِىِّ - - أَنَّهٗ قَالَ : يُصْبِحُ عَلٰى كُلِّ سُلَامٰى مِنْ أَحَدِكُمْ صَدَقَةٌ فَكُلُّ تَسْبِيْحَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَحْمِيْدَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَهْلِيْلَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَكْبِيْرَةٍ صَدَقَةٌ وَأَمْرٌ بِالْمَعْرُوْفِ صَدَقَةٌ وَنَهْىٌ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ وَيُجْزِئُ مِنْ ذٰلِكَ رَكْعَتَانِ يَرْكَعُهُمَا مِنَ الضُّحٰى

আবু যর (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমাদের প্রত্যেকের শরীরের প্রতিটি জোড়ার উপর সাদাকা ওয়াজিব। আর প্রত্যেকবার ‘সুবহা-নাল্লা-হ’ বলা একটি সাদাকা, প্রত্যেকবার ‘আল-হাম্দুলিল্লা-হ’ বলা একটি সাদাকা, প্রত্যেকবার ‘লা- ইলা-হা ইল্লাল্লা-হ’ বলা একটি সাদাকা, প্রত্যেকবার ‘আল্লা-হু আকবার’ বলা একটি সাদাকা, উত্তম কাজের নির্দেশ দেয়া একটি সাদাকা এবং মন্দ কাজ থেকে নিষেধ করাও একটি সাদাকা। আর এই সবকিছুর জন্য চাশ্তের দু’রাক‘আত সালাতই যথেষ্ট হবে। [সহীহ মুসলিম, হা/১৭০৪; আবু দাউদ, হা/১২৮৭; মুসনাদে আহমাদ, হা/২১৫১৩।]

ইশরাকের সালাত ২ থেকে ১২ রাক‘আত পর্যন্ত পড়া যায়। মক্কা বিজয়ের দিন দুপুরের পূর্বে রাসূলুল্লাহ ﷺ আলী (রাঃ) এর বোন উম্মে হানীর গৃহে খুবই সংক্ষিপ্তভাবে ৮ রাক‘আত সালাত পড়েছিলেন। [সহীহ বুখারী, হা/১১৭৬; আবু দাউদ, হা/১২৯৩; সহীহ মুসলিম, হা/১৭০৩; মিশকাত হা/১৩০৯।] এ সালাতে প্রতি দু’রাক‘আত পর পর সালাম ফিরানো উত্তম।