hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

মজলিস হতে উঠার সুন্নাত

মজলিস হতে উঠার সময় নিম্মোক্ত দু‘আটি পাঠ করা সুন্নাত। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কোন বৈঠক থেকে উঠার সময় এ দু‘আ পড়লে ঐ বৈঠকের বেহুদা কথা-বার্তার কাফ্ফারা হয়ে যায়।

سُبْحَانَكَ اَللّٰهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَّا إلٰهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ

সুবহা-নাকা আল্লা-হুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা-ইলা-হা ইল্লা আনতা আসতাগফিরম্নকা ওয়া আতূবু ইলাইক।

অর্থ : হে আল্লাহ! আপনার প্রশংসার সাথে আপনার পবিত্রতা বর্ণনা করছি আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া কোন মাবুদ নেই। আমি আপনার নিকট ক্ষমা চাই এবং আপনার দিকেই ফিরে আসি। [তিরমিযী, হা/৩৪৩৩; আবু দাঊদ, হা/৪৮৬১; মুসনাদে আহমাদ, হা/১৯৭৮৩; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৫১৭; দারেমী, হা/২৭০০; মিশকাত, হা/২৪৩৩।]

এ দু‘আর মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার একত্ববাদ ও তাওহীদকে স্বীকার করে। আল্লাহ তাআলার তাওহীদের স্বীকারোক্তি ও তাঁর পবিত্রতা বর্ণনা এবং তাওবা ও ক্ষমা প্রার্থনা করে ভুল-ত্রুটি মাফ চেয়ে নেওয়া এবং পরিশুদ্ধ হওয়ার এক মহা সুযোগ গ্রহণ করে।

আমরা অনেক সময়েই বিভিন্ন স্থানে সমবেত হয়ে থাকি। যেমন খাওয়া-দাওয়া, সভা-সমাবেশ, পরিচিত লোকের সাথে একান্তে কথা বলা, অনেক দিনের বন্ধুর সাথে আলাপচারিতা, শিক্ষাপ্রদানের মজলিস, আপন পরিবারের সাথে একত্রে খোশগল্প, চলার পথে পরিচিত জনের সাথে কথা-বার্তা ইত্যাদি। এক্ষত্রে আমরা এ সুন্নাতটি আদায় করে অনেক সওয়াবের অধিকারী হতে পারি।

কোন মুসলিম ভাইয়ের নিকট হতে বিদায় নেওয়ার সময় সালাম দেয়া সুন্নাত। আবু হুরায়রা (রাঃ) থেকে বণিত। তিনি বলেন, রাসূল ﷺ বলেছেন, তোমাদের কেউ কোন মজলিসে পৌঁছলে সালাম দিবে। আবার যখন সেই মজলিস ত্যাগ করে চলে যাবে তখনও সালাম দিবে। কেননা, প্রথম সালাম শেষ সালামের জন্য যথেষ্ট নয়। [আবু দাউদ, হা/৫২০৮; তিরমিযী, হা/২৭০৬।]