hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

সালাতুত তাওবার ফযীলত

তাওবা শব্দের অর্থ ফিরে আসা অর্থাৎ গোনাহ থেকে ফিরে আসা। মুমিন বান্দা অনেক সময় গোনাহ করে ফেলতে পারে। সেই গোনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করাকে সালাতুত তাওবা বলে।

হাদীসে বর্ণিত হয়েছে, আবু বকর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি যে, কোন লোক যদি গোনাহ করে অতঃপর উঠে পবিত্রতা অর্জন করে এবং দু’রাক‘আত সালাত আদায় করে। অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তা‘আলা তাকে ক্ষমা করে দেন। [আবু দাউদ, হা/১৫২৩; তিরমিযী, হা/৪০৬; মুসনাদে আহমাদ, হা/৪৭।]

তাওবার সালাতেরও বিশেষ কোন নিয়ম নেই। সাধারণ সালাতের ন্যায় দু’রাক‘আত অথবা চার রাক‘আত সালাত আদায় করবে। এ সালাতের সিজদায় ও শেষ বৈঠকে সালাম ফিরানোর পূর্বে নিম্নের দু‘আটি বেশি বেশি পাঠ করবে :

أَسْتَغْفِرُ اللهَ الَّذِىْ لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ وَأَتُوْبُ إِلَيْهِ

আস্তাগফিরম্নল্লা-হাল্লাযী লা-ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যূমু ওয়া আতূবু ইলাইহ।

অর্থ : আমি ক্ষমা প্রার্থনা করছি সেই আল্লাহর নিকট যিনি ব্যতীত কোন প্রকৃত উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এবং তার দিকেই আমি ফিরে যাচ্ছি বা তাওবা করছি। [আবু দাউদ, হা/১৫১৯; তিরমিযী, হা/৩৫৭৭; মুস্তাদরাকে হাকেম, হা/১৮৮৪; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/৩০০৬৩; মিশকাত, হা/২৩৫৩।]