hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬

আল্লাহর অনুগ্রহ নিয়ে ভাবা ও শোকর আদায় করা

একজন মুমিনের জীবনে আল্লাহর নেয়ামত নিয়ে চিন্তা-ফিকির করার সুযোগ সর্বক্ষণই বিরাজমান। বহু ক্ষেত্রে, বহু স্থানে, বহু পরিস্থিতিতে, বহু পর্যায়ে সে আল্লাহর নেয়ামত লাভ করে এবং এমন সব নেয়ামত লাভ করে যার কোন শেষ নেই। আমাদের জন্য আবশ্যক হল, তাঁর নেয়ামতের ব্যাপারে চিন্তা-ফিকির করা, তাঁর প্রশংসা করা এবং তাঁর শোকর আদায় করা।

আপনি যখন মসজিদের দিকে যান তখন আপনার এ যাওয়াটা একটা নেয়ামত। কারণ আপনার পাশের লোকটিকে দেখতে পাচ্ছেন যে, সে এই নেয়ামত হতে বঞ্চিত। বিশেষ করে ফজরের সালাতের সময়, আপনার আশ-পাশের মানুষগুলো মরা মানুষের মত গভীর ঘুমে আচ্ছন্ন। আর আল্লাহ তাআলা আপনাকে মসজিদে যাওয়ার নেয়ামত দান করেছেন।

আপনি রাস্তায় চলছেন, তখন অতি সুন্দর সুশোভিত দৃশ্য দেখে কি আল্লাহর নেয়ামত উপলব্ধি করবেন না? আপনি চলন্ত অবস্থায় দেখছেন যে, অমুক ব্যক্তির গাড়ি উল্টে গেছে আর আপনি নিরাপদ। এমন মহান নেয়ামত নিয়ে একটু ভেবে দেখুন তো!

আল্লাহর প্রকৃত বান্দা তো সে-ই, যার অন্তরে আল্লাহ তা‘আলার নেয়ামতের স্মরণ সর্বদা বিরাজমান। চাই সে সুস্থ থাকুক বা অসুস্থ, বিপদগ্রস্থ বা বিপদমুক্ত।

রাসূলুল্লাহ ﷺ বলেন, তোমাদের মধ্যে কেউ কোন বিপদগ্রস্থ মানুষকে দেখলে বলবে, আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি তোমাকে যে বিপদে পরীক্ষা করছেন ঐ বিপদ হতে আমাকে পূর্ণ সুস্থ রেখেছেন এবং তার বহুসংখ্যক সৃষ্টির মধ্যে হতে আমাকে (সুস্বাস্থ্যের) নেয়ামতের জন্য প্রাধান্য দিয়েছেন। রাসূল ﷺ বলেন, এই দু‘আ পাঠকারী ব্যক্তি কখনো এমন বিপদে আক্রান্ত হবে না। [তিরমিযী, হা/ ৩৪৩২।]