hadith book logo

নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড

লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

দণ্ডায়মান অবস্থায় পানাহার করা বৈধ

24 - عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : كُنَّا نَأْكُلُ عَلَى عَهْدِ رَسُوْلِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَمْشِي، وَنَشْرَبُ وَنَحْنُ قِيَامٌ .

( جامع الترمذي، رقم الحديث 1880 ، واللفظ له، وسنن ابن ماجه، رقم الحديث 3301 ، وقال الإمام الترمذي عن هذا الحديث بأنه : حسن صحيح غريب، وصححه الألباني ).

24 - অর্থ: আব্দুল্লাহ বিন ওমার [রাদিয়াল্লাহু আনহুমা] থেকে বর্ণিত। তিনি বলেন যে, আমরা আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর আমলে হাঁটতে হাঁটতে খাদ্যদ্রব্য খেতাম এবং দণ্ডায়মান অবস্থায় পানীয় দ্রব্য পান করতাম।

[জামে তিরমিযী, হাদীস নং 1880 এবং সুনান ইবনু মাজাহ, হাদীস নং 3301, তবে হাদীসের শব্দগুলি জামে তিরমিযী থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান ও সহীহ গারীব বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 11 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, দণ্ডায়মান অবস্থায় খাদ্যদ্রব্য খাওয়া এবং পানীয় দ্রব্য পান করা বৈধ। এই বিষয়টির সমর্থনে আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] থেকে বর্ণিত একটি হাদীসও রয়েছে। আর সেই হাদীসটি হলো এই যে, আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] দণ্ডায়মান অবস্থায় এবং বসে বসে পানীয় দ্রব্য পান করেছেন। [জামে তিরমিযী, হাদীস নং 1883, ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান ও সহীহ বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে হাসান (সুন্দর) বলেছেন]।

2। যে হাদীসের মধ্যে দণ্ডায়মান অবস্থায় পানীয় দ্রব্য পান করতে নিষেধ করা হয়েছে, সেই হাদীসটির মধ্যে এই সম্ভাবনা রয়েছে যে, সেই হাদীসটির ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে ব্যক্তি লোকজনের জন্য পানীয় দ্রব্য পরিবেশন করে। সুতরাং যে ব্যক্তি লোকজনের জন্য পানীয় দ্রব্য পরিবেশন করবে, তার জন্য উচিত নয় যে, সে পানীয় দ্রব্য পরিবেশন করতে করতে মাঝে মাঝে পরিবেশন কাজে রত থাকতে থাকতে স্বয়ং নিজেই দণ্ডায়মান অবস্থায় পানীয় দ্রব্য পান করতে শুরু করবে। কেননা পানীয় দ্রব্য পরিবেশনকারীর কর্তব্য হলো এই যে, সে সকলের জন্য পানীয় দ্রব্য বেতরণ ও পরিবেশন কাজ শেষ করার পর সব শেষে নিজে পান করবে। তাই হাদীসের মধ্যে এসেছে: আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “লোকদেরকে পানীয় দ্রব্য পরিবেশনকারী সবশেষে পান করবে”।

[জামে তিরমিযী, হাদীস নং 1894 এবং সহীহ মুসলিম, হাদীস নং 311 - (681) এর অংশবিশেষ। তবে হাদীসের শব্দগুলি জামে তিরমিযী থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিযী এই হাদীসটিকে হাসান সহীহ (সঠিক) বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]। এই বিষয়ে মহান আল্লাহই সবচেয়ে বেশি জানেন।