hadith book logo

নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড

লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৬

আল্লাহর স্মরণ শয়তানকে বিতাড়িত করে

82 - عَنْ جَابِرِ بْنِ عَبْدِاللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُوْلُ : " إِذَا دَخَلَ الرّجُلُ بَيْتَهُ؛ فَذَكَرَ اللهَ عِنْدَ دُخُوْلِهِ، وَعِنْدَ طَعَامِهِ؛ قَالَ الشّيْطَانُ : لاَ مَبِيْتَ لَكُمْ وَلاَ عَشَاءَ، وَإِذَا دَخَلَ؛ فَلَمْ يَذْكُرِ اللهَ عِنْدَ دُخُولِهِ؛ قَالَ الشّيْطَانُ : أَدْرَكْتُمُ المَبِيْتَ، وَإِذَا لَمْ يَذْكُرِ اللهَ عِنْدَ طَعَامِهِ، قَالَ : أَدْرَكْتُمُ المَبِيتَ وَالعَشَاءَ ".

( صحيح مسلم، رقم الحديث 103 - (2018)، ).

82 - অর্থ: জাবের বিন আব্দুল্লাহ [রাদিয়াল্লাহু আনহুমা] থেকে বর্ণিত। তিনি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কে বলতে শুনেছেন, তিনি বলেছেন: “যখন কোনো ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করার সময় এবং খাবার খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান তার অনুচরদেরকে বলে: আজ এখানে তোমাদের রাত্রিযাপন এবং নৈশ ভোজের কোনো সুযোগ নেই। অন্যথা যখন সে তার বাড়িতে প্রবেশ কালে আল্লাহকে স্মরণ করে না তখন শয়তান তার অনুচরদেরকে বলে: তোমরা রাত্রি যাপন করার সুযোগ পেয়েছো। আর যখন সে আহার কালেও আল্লাহকে স্মরণ করে না, তখন সেই শয়তান তার অনুচরদেরকে বলে: তোমরা নৈশভোজেরও সুযোগ পেয়েছো”।

[সহীহ মুসলিম, হাদীস নং 103 - (2018)]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 22 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। বাড়িতে প্রবেশ করার সময় এবং খাবার খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করার প্রতি এই হাদীসটি উৎসাহ প্রদান করে। সুতরাং মুসলিম ব্যক্তির উচিত যে, সে যেন তার বাড়িতে প্রবেশ করার সময় এবং খাবার খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করার কথাটি ভুলে না যায়।

2। শয়তান এবং তার অনুচরগুলি সেই সব বাড়িতে প্রবেশ করে, যে সব বাড়ির লোকজন আল্লাহকে স্মরণ করে না। সুতরাং শয়তান এবং তার অনুচরগুলি তাদের সাথে তাদের বাড়িতে বসবাস করে এবং পানাহার করে।

3। মহান আল্লাহর স্মরণ শয়তানকে বিতাড়িত করে, অনন্ত করুণাময় আল্লাহকে রাজি রাখে, উদ্বিগ্নতা, দুশ্চিন্তা এবং দুঃখ কষ্টকে দূরে রাখে। আর খুশি, আনন্দ, সুখ ও শান্তি নিয়ে আসে। এবং অন্তরে সৃষ্টি করে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর জন্য সচেতন থাকার অভ্যাস। অতঃপর মুসলিম ব্যক্তি নিষ্ঠাবান হয়ে অতি সুন্দর পন্থায় মহান আল্লাহর উপাসনার গণ্ডিতে প্রবেশ করে আর এমন পদ্ধতিতে মহান আল্লাহর উপাসনা করতে থাকে যে, সে যেন মহান আল্লাহকে দেখতে পাচ্ছে। আরো জেনে রাখা দরকার যে, মহান আল্লাহর স্মরণের দ্বারা মানুষ আল্লাহর দিকে অধিকতর অগ্রসর হতে পারে এবং তাঁর নৈকট্য লাভ করতে সক্ষম হয়।