hadith book logo

নির্বাচিত হাদীস পঞ্চম খণ্ড

লেখকঃ ডক্টর মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৩

যারা হজ্জ পালনে রত থাকবে, তাদের হারানো বস্তু কুড়িয়ে নেওয়া নিষিদ্ধ

69 - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التََّيْمِيِّ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّ رَسُوْلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُقَطَةِ الْحَاجِّ .

( صحيح مسلم، رقم الحديث 11 - (1724)، ).

69 - অর্থ: আব্দুর রহমান বিন ওসমান আত্তাইমী [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত। তিনি বলেন যে, যারা হজ্জ পালন করতে এসেছে, তাদের হারানো বস্তু কুড়িয়ে নিতে আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] অবশ্যই নিষেধ করেছেন। [সহীহ মুসলিম, হাদীস নং 11 - (1724)]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়:

আব্দুর রহমান বিন ওসমান আল কুরাশী আত্তাইমী [রাদিয়াল্লাহু আনহু] এক জন সম্মানিত সাহাবী। তিনি হুদাইবীয়ার সন্ধি সংঘটিত হওযার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর কাছে বৃক্ষের নীচে আনুগত্যের শপথও গ্রহণ করেছেন। আবার এটাও বলা হয়েছে যে, তিনি মাক্কা বিজয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি ওমরাতুল কাজার অনুষ্ঠানে সর্ব প্রথমে অংশ গ্রহণ করেন অতঃপর তিনি ইয়ারমূকের যুদ্ধেও অংশ গ্রহণ করেন। সন 73 হিজরীতে মাক্কা শহরে তাঁকে হত্যা করা হয়। [রাদিয়াল্লাহু আনহু]।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। ইসলামী পরিভাষায় লুকতা বলা হয়: এমন কোনো মূল্যবান পড়ে থাকা হারানো বস্তু, যার মালিক অজ্ঞাত। কিংবা লুকতা বলা হয়: সংরক্ষিত মূল্যবান হারানো সম্পদকে। আবার এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে।

2। পৃথিবীর মধ্যে লুকতার ইসলামী বিধান মাত্র একটি। কিন্তু মাক্কা শহরের হারাম ও সম্মানিত এলাকার লুকতার বিধানটি হলো আলাদা। তাই পৃথিবীর মধ্যে মাক্কা শহরের হারাম ও সম্মানিত এলাকা ছাড়া যে কোনো স্থানে সংরক্ষিত মূল্যবান হারানো সম্পদ কুড়িয়ে পাওয়া গেলে, সেই সম্পদ তার মালিকের নিকটে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক বছর ধরে তার ঘোষণা করার বিধান নির্ধারিত রয়েছে। তাই সেই সম্পদ তার মালিকের নিকটে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক বছর ধরে ঘোষণা করার পর যদি তার মালিকের সন্ধান পাওয়া না যায়, তাহলে যে ব্যক্তি উক্ত সম্পদ কুড়িয়ে পেয়েছে, সেই ব্যক্তি উক্ত কুড়িয়ে পাওয়া সম্পদের দ্বারা উপকৃত হতে পারবে। আর দেশের প্রথা অনুযায়ী কুড়িয়ে পাওয়া সম্পদ যদি অতি অল্প ও নগণ্য হয় কিংবা সংরক্ষণের যোগ্য না হয়, তাহলে তার মালিকের সন্ধানের জন্য এক বছর ধরে ঘোষণা করার প্রয়োজন নেই।

3। মাক্কা শহরের হারাম ও সম্মানিত ( বা হারাম ) এলাকার লুকতার বিধানটি হলো এই যে, এই এলাকার কোনো স্থানে সংরক্ষিত মূল্যবান হারানো সম্পদ কুড়িয়ে নেওয়া জায়েজ নয়। কিন্তু এই ক্ষেত্রে তা জায়েজ হবে, যে ক্ষেত্রে সে কুড়িয়ে না নিলে উক্ত সম্পদটি নষ্ট হয়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই ক্ষেত্রে উক্ত সম্পদ কুড়িয়ে নেওয়ার পর সে মাক্কা শহরে যতো দিন থাকবে, ততো দিন সেই সম্পদের ঘোষণা দিতে থাকবে তার মালিকের সন্ধানের জন্য। এবং মাক্কা শহর থেকে যখন তার চলে যাওয়ার সময় হয়ে যাবে, তখন সে উক্ত কুড়িয়ে পাওয়া লুকতা বা সম্পদ, লুকতা বিভাগের সরকারি কর্মকর্তাদেরকে দিয়ে চলে যাবে। কেননা, সে তো উক্ত সম্পদের কোনো দিন কোনো অবস্থাতে মালিক হতে পারবে না। তাই সেই সম্পদটি কোনো ব্যক্তির জন্য কুড়িয়ে নেওয়া জায়েজ নয়। কিন্তু শুধু ওই ব্যক্তির জন্য কুড়িয়ে নেওয়া জায়েজ হবে, যে ব্যক্তি উক্ত সম্পদ কুড়িয়ে নেওয়ার পর সে মাক্কা শহরে যতো দিন থাকবে, ততো দিন সেই সম্পদের ঘোষণা দিতে থাকবে এবং তার মালিকের সন্ধানে থাকবে। যেহেতু আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “মাক্কা শহরের হারাম ও সম্মানিত এলাকায় কোনো স্থানে সংরক্ষিত মূল্যবান হারানো সম্পদ পড়ে থাকলে কুড়িয়ে নেওয়া চলবে না, কিন্তু এই ক্ষেত্রে কুড়িয়ে নেওয়া চলবে যে, তার মালিকের সন্ধান করে সেই হারানো সম্পদ তার মালিককে প্রদান করবে। [এই বিষয়ে দেখতে পারা যায় সহীহ বুখারী, হাদীস নং 1834] ।