hadith book logo

কিতাবুল ইলম

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

২. ইমাম মালিক (রহ.) :

ইমাম মালিক (রহ.) ৯৩ হিজরীতে মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি হাদীস অধ্যয়নের দিকে অধিক মনোনিবেশ করেন। এজন্য তিনি হাদীসের উপর মুয়াত্তা গ্রন্থ রচনা করেন। আববাসীয় শাসকদের একটি আইন ছিল- কোন ব্যক্তি খলীফার আনুগত্যের শপথ ভঙ্গ করলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। ইমাম মালিক (রহ.) এ আইনের বিরোধিতা করেন। এর ফলে তার উপর মারাত্মক নির্যাতন করা হয় এবং তিনি মারাত্মকভাবে আহত হন। বর্ণিত আছে যে, ঐ আঘাতের ফলে তিনি সালাত আদায়ের সময় বুকে হাত রাখতে পারতেন না। তাই তিনি হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করতেন। ইমাম মালিক (রহ.) ৪০ বছর যাবৎ মদিনায় হাদীস শিক্ষা দানের কাজে নিয়োজিত ছিলেন।

ইমাম মালিক (রহ.) এর প্রধান ছাত্রদের মধ্যে ছিলেন, আবু আবদুর রহমান, আবু আবদুল্লাহ, ইমাম শাফেয়ী (রহ.) প্রমুখ।

মদিনাবাসীদের মধ্যে ইমাম মালিক (রহ.)-ই ছিলেন হাদীস বর্ণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী। হাদীসের সনদ যাচাই-বাছাই করার ব্যাপারে তিনি ছিলেন সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। তিনিই ছিলেন সাহাবীদের রায় ও তাদের অনুসারীদের মতবাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবগত। তিনি রেওয়ায়াত ও ফতওয়ার জ্ঞানে বেশ অগ্রগামী ছিলেন। তাঁর নিকট যখন কোন সমস্যার সমাধান চাওয়া হতো তখন তিনি রাসূলুলস্নাহ ﷺ এর হাদীসের উদ্ধৃতি দিয়ে ফতওয়া প্রদান করতেন।