hadith book logo

কিতাবুল ইলম

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

কুরআনের প্রথম আদেশ ‘‘পড়ো’’

রাসূলুল্লাহ ﷺ এর উপর সর্বপ্রথম যে ওহী নাযিল হয়েছিল তা ছিল জ্ঞানার্জন করার আদেশ সম্পর্কিত। আল্লাহ তা‘আলা এর মাধ্যমে বান্দাদেরকে জ্ঞানার্জন করার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন,

﴿اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَ - – خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ – - اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُ – - اَلَّذِيْ عَلَّمَ بِالْقَلَمِ – - عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ﴾

পড়ো, তোমার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে ঝুলন্ত রক্তপিন্ড হতে। পড়ো, তোমার পালনকর্তা অতি সম্মানিত। যিনি কলমের সাহায্যে শিক্ষা দান করেছেন। শিক্ষা দান করেছেন মানুষকে, যা সে জানত না। (সূরা আলাক্ব : ১-৫)

যেহেতু রাসূলুল্লাহ ﷺ এর প্রতি আল্লাহ তা‘আলার সর্বপ্রথম বাণী হচ্ছে, পড়ো অর্থাৎ জ্ঞানের রাজ্যে প্রবেশ করো। সেহেতু বলা যায় যে, জ্ঞানান্বেষণ বা বিদ্যার্জনকে বলা হয় ইসলামের মেরুদন্ড। মেরুদন্ডহীন মানুষ যেমন বেশি দিন বেঁচে থাকতে পারে না, ঠিক তেমনিভাবে ইলম বা জ্ঞানার্জন ছাড়া কোন ব্যক্তি মুসলিম হতে পারে না। এ ক্ষেত্রে তার নিজেকে মুসলিম দাবি করা অনর্থক হয়ে পড়ে।