hadith book logo

আল-গিরাস চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খন্ড)

লেখকঃ তাওফীক বিন খলফ বিন আবদুল্লাহ বিন আল-রেফায়ী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

প্রথমত : সুকুমার কর্মের পূর্বে স্বচ্ছ চিন্তার উদ্রেক

তোমার ভিতরে জন্মেছে অনেক অনন্যসাধারণ সৃষ্টিশীল চিন্তা, যখন তুমি যাপন করছিলে নির্মল মুহূর্ত, কিংবা কখনো কখনো যাপন করছিলে দিবস ও রজনীর ব্যস্ততম সময়... যানবাহনে, শয়নে, কিংবা বিশেষ-অবিশেষ যে কোন অবস্থানে। কিন্তু তুমি তাকে অবহেলা করেছ, কিংবা তাকে বিস্মৃত হয়েছ। এভাবে কেটে গেছে অনেক দিন। এরই মাঝে আকস্মিক চিন্তার বিদ্যুৎ চমক, অনন্য সাধারণ ভাবনার শিহরণ এসে কড়া নেড়েছে তোমার ভাবনার দরজায়। ...তারপর?

তারপর হঠাৎ তুমি কখনো দেখতে পাবে যে, কোন বক্তা, কিংবা সমাজ সংস্কারক বা লেখক তোমার অবহেলায় হারিয়ে ফেলা সেই চিন্তাকেই বিবৃত করছে, তাকে বিন্যাস দিয়ে মানুষের কাছে হাজির করছে। ফলে তা পরিণত হচ্ছে প্রভাববিস্তারকারী কোন বক্তৃতায়, কিংবা লেখায় অথবা শক্তিশালী কোন নিবন্ধে। এবং তা মানুষের অন্তরে স্থান করে নিচ্ছে। অত:পর তা একসময় চিন্তার গন্ডি পেরিয়ে কর্মের...সক্রিয় কোন প্রজেক্টের...বা নতুন জীবনের গন্ডিতে গিয়ে উপনীত হচ্ছে। ফলত, সেই ক্ষুদ্র চিন্তার বদৌলতে তার জন্য কিয়ামত দিবস অবধি লেখা হচ্ছে স্থায়ী কোন চিন্তার সাদাকায়ে জারিয়া।