hadith book logo

মজলিসের সৌরভ

লেখকঃ তুরকী ইবন ইবরাহীম আল-খানীযান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

ওযূর ভূল-ত্রুটি

পূর্বের পাঠে আমরা ওযূ ও ওযূর পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। আর এই পাঠে আমরা এমন কিছু ভুল সম্পর্কে আলোচনা করব কতক মানুষ তাদের ওযূতে যেসব ভুলে পতিত হয়। যেমন,

- নাকে পানি দেওয়া ও কুলি করা ছেড়ে দেওয়া। ফতওয়া বিষয়ক স্থায়ী কমিটির আলেমগণ বলেছেন:

‘ওযূতে নাকে পানি দেওয়া ও কুলি করা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ও কর্ম দ্বারা প্রমাণিত। তাই এ দুটি আমল চেহারা ধোয়ার অর্ন্তভূক্ত। সুতরাং যে ব্যক্তি এ দুটি বা তার যে কোনো একটি ছেড়ে দেবে তার ওযূ শুদ্ধ হবে না।’[ [ফতওয়া বিষয়ক স্থায়ী কমিটি। (৭৮/৪)।]]

- ওযূর আরও ভুল হলো, দুই হাতের সাথে দুই কবজি না ধোয়া আর ওযূর শুরুতে কবজি ধোয়াকে যথেষ্ট মনে করা। বিশুদ্ধ নিয়ম হলো দুই হাতের সাথে দুই কবজি ধোয়া যদিও ওযূর শুরুতে ধুয়ে থাকে। ওযূর শুরুতে কবজিদ্বয় ধোয়া হলো মুস্তাহাব আর দুই হাতের সাথে ধোয়া ওয়াজিব।

- ওযূর আরও ভূল হলো, দুই কনুই বা দুই টাখনু বা দুই গোড়ালী ধোয়াতে অলসতা করা বা ছেড়ে দেওয়া, অথচ এ বিষয়ে হাদীসে ধমকি এসেছে। যেমন, হাদীসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«وَيْلٌ لِلْأَعْقَابِ مِنْ النَّارِ أَسْبِغُوا الْوُضُوءَ» [ رواه مسلم ]

“গোড়ালীসমূহের জন্য রয়েছে ওয়াইল জাহান্নাম। তোমরা ওযূকে পূর্ণ করো।” [হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন]। গোড়ালী হলো পায়ের শেষ অংশ।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দেখলেন, তার পায়ে এক নখ পরিমাণ জায়গা ছেড়ে সে ওযূ করেছে। তখন তিনি তাকে বললেন,

«ارْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ» [ رواه مسلم ]

“তুমি ফিরে যাও তুমি তোমার ওযূকে সম্পন্ন করো।” [এটি মুসলিম বর্ণনা করেছেন]। অপর হাদীসে এসছে-

«أن النبي صلى الله عليه وسلم رأى رجُلا يُصلّي ، وفِي ظَهْرِ قَدَمَهِ لمعَةٌ قدْرَ الدِّرهَمِ لم يُصبها الماءُ فأمَرَهُ النبي صلى الله عليه وسلم أن يُعِيدَ الوضوءَ والصلاةَ» [ رواه أبو داود وصححه الألباني ].

“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে সালাত আদায় করতে দেখলেন, এ অবস্থায় যে তার পায়ের ওপর এক দিরহাম পরিমাণ শুকনা ছিল যাতে পানি পৌছেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওযূ এবং সালাত দুটোই পুনরায় আদায় করতে বললেন।” [এটি আবূ দাউদ বর্ণনা করেছেন আর আলবানী তা সহীহ বলেছেন]

- ওযূর আরও ভূল হলো ওযূর সব বা কতক অঙ্গকে তিনবারের বেশি ধোয়া। এটি সুন্নাতের পরিপন্থী।

- ওযূর প্রচলিত ভূল হলো: পানি ব্যবহারে অপচয় করা। আল্লাহ তাআলা বলেন,

وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ [ الأعراف : 31].

“তোমরা অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীকে পছন্দ করেন না।” [আল-আরাফ: ৩১]

আল্লাহ তাআলা আমাদেরকে তার নবীর সুন্নাত ও পদাঙ্ক অনুসরণ করার তাওফীক দিন। এতটুকুতে যথেষ্ট করছি। আল্লাহর ইচ্ছায় পরবর্তী দারসে আমরা মোজার উপর মাসেহ করা বিষয়ে আলোচনা করব।