hadith book logo

মজলিসের সৌরভ

লেখকঃ তুরকী ইবন ইবরাহীম আল-খানীযান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

সেজদা সাহুর বিধান (১)

এ দারসে আমরা সেজদা সাহু এবং তৎসংশ্লিষ্ট কিছু মাসায়েল সম্পর্কে আলোচনা করব।

সেজদা সাহু: একজন মুসল্লি তার সালাতে ভুল করার কারণে যে ত্রুটি হয় তা দূর করার জন্য যে দুটি সেজদা করে তা হলো সেজদা সাহু। এর কারণ তিনটি: বাড়তি করা, কম করা বা সন্দেহ করা।

প্রথম কারণ: সালাতে বাড়তি করা।

- যদি মুসল্লী তার সালাতে ভুলে সালাত জাতীয় কোনো কর্ম যেমন, কিয়াম, রুকু বা এ ধরনের কোনো কর্ম বাড়তি করে ফেলে এবং সালাত শেষ করার আগে বাড়তি করার বিষয়টি তার স্মরণ না হয়, তখন তার ওপর সেজদা সাহু ছাড়া আর কিছুই নেই।

এর দৃষ্টান্ত: এক ব্যক্তি যোহরের সালাত পাঁচ রাকাআত আদায় করল। কিন্তু বাড়তি এক রাকাতের কথা তাশাহুদে যাওয়ার পর স্মরণ আসছে, তখন সে সালাত পূর্ণ করবে ও সালাম ফিরাবে তারপর সেজদা সাহু করবে তারপর সালাম ফিরাবে, আর যদি সালামের পূর্বে সেজদা করে তাতে কোনো অসুবিধা নেই।

- আর যদি সালাতের মাঝখানে স্মরণ আসে তখন তা থেকে ফিরে আসা এবং সালাত পূর্ণ করা ও সালামের পরে সেজদা সাহু করা ওয়াজিব, যদি সালামের পূর্বে সেজদা করে তাতে কোনো অসুবিধা নেই।

এর প্রমাণ হলো আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদীস:

أن النبي صلى الله عليه وسلم، صَلَّى الظُّهْرَ خَمْسًا فَقِيلَ لَهُ أَزِيدَ فِي الصَّلَاةِ فَقَالَ : «وَمَا ذَاكَ»؟ قَالَ : صَلَّيْتَ خَمْسًا فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ مَا سَلَّمَ، وفي رواية : فَثَنَى رِجْلَيْهِ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ [ متفق عليه ].

একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত পাঁচ রাক‘আত আদায় করেন। তখন মুসল্লীগণ জিজ্ঞেস করলেন, সালাতে কি কিছু বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন, “তা কী?” তারা বললেন, আপনি পাঁচ রাক‘আত সালাত আদায় করেছেন। তারপর তিনি সালাম ফিরানোর পর দু’ সাজদাহ (সাজদাহ সাহু) করে নিলেন। অন্য বর্ণনায় এসেছে, “তিনি নিজের পা ঘুরিয়ে (ক্বিবলাহ্মুখী হয়ে) দু’ সাজদাহ (সাজদাহ সাহু) করলেন তারপর সালাম ফিরালেন। [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)]।

- যদি কোনো মুসল্লি ভুলে সালাত পূর্ণ করার পূর্বে সালাম ফিরায় তখন যদি দীর্ঘ সময় পর স্মরণ আসে বা তার ওযূ ভেঙ্গে যায় তাহলে তার সাালাত বাতিল। তাকে এ সালাত আবার আদায় করতে হবে। আর যদি সামান্য সময় পর স্মরণে আসে তখন সে তার সালাত পূর্ণ করবে এবং সালামের পর সেজদা সাহু করবে। যদি সালামের পূর্বে সেজদা করে তাতে কোনো অসুবিধা নাই।

এর প্রমাণ: ইমরান ইবন হুসাইন রাদিয়াল্লাহু ‘আনহুর হাদীস।

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم «صَلَّى الْعَصْرَ فَسَلَّمَ فِي ثَلَاثِ رَكَعَاتٍ ثُمَّ دَخَلَ مَنْزِلَهُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ يُقَالُ لَهُ الْخِرْبَاقُ وَكَانَ فِي يَدَيْهِ طُولٌ فَقَالَ : يَا رَسُولَ الله فَذَكَرَ لَهُ صَنِيعَهُ وَخَرَجَ غَضْبَانَ يَجُرُّ رِدَاءَهُ حَتَّى انْتَهَى إِلَى النَّاسِ فَقَالَ : أَصَدَقَ هَذَا قَالُوا : نَعَمْ فَصَلَّى رَكْعَةً ثُمَّ سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ» [ رواه مسلم ].

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতে তিন রাকাতের পর সালাম ফিরালেন, তারপর তিনি তার ঘরে প্রবেশ করলেন। তখন এক ব্যক্তি দাঁড়ালো যাকে খেরবাক বলা হতো। তার হাত ছিল লম্বা। সে বলল, হে আল্লাহর রাসূল। সে তার কাজটি (ভুলটি) তাকে স্মরণ করে দিল। তিনি চাদর টানতে টানতে ক্ষুব্ধ হয়ে বের হলেন এমনকি মানুষের দলের মধ্যে পৌঁছে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, সে কি সত্য বলছে? তারা বলল, হ্যাঁ। তারপর তিনি এক রাকাত আদায় করলেন। তারপর সালাম ফিরালেন তারপর দুটি সেজদা করলেন তারপর সালাম ফিরালেন। [মুসলিম]।

এতটুকু আলোচনাতে যথেষ্ট করছি। পরবর্তী দারসে আমরা সেজদা সাহুর কারণসমূহ হতে দ্বিতীয় কারণ সম্পর্কে আলোচনা করব আর তা হলো সন্দেহ।