hadith book logo

মজলিসের সৌরভ

লেখকঃ তুরকী ইবন ইবরাহীম আল-খানীযান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৪

মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নসিহত

এ দারসে আমরা একটি মহান হাদীস সম্পর্কে আলোচনা করবো। কোনো কোনো আহলে ইলম বলেছেন এটি ইসলামের ভিত্তি। আর তা হলো,

আবু রুকাইয়া তামীম ইবন আওস আদ-দারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«الدِّينُ النَّصِيحَةُ . قُلْنَا : لِمَنْ؟ قَالَ لِله، وَلِكِتَابِهِ، وَلِرَسُولِهِ، وَلِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ» . [ رواه مسلم ]

“দীন হলো নসীহত। আমরা বললাম কার জন্য? তিনি বললেন, আল্লাহর জন্য তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য এবং মুসলিম শাসক ও জনসাধারণের জন্য।” [মুসলিম এটি বর্ণনা করেছেন]

হাদীসের শিক্ষণীয় বিষয়:

- দীন ইসলাম পুরোটাই নসীহতের ওপর প্রতিষ্ঠিত। আর তা হলো সততা, ইখলাস, উপদেশকৃত ব্যক্তির কল্যাণ কামনা। নসীহত: এটি দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য একটি ব্যাপক বাক্য। এটি উম্মতদের প্রতি নবীগণের পয়গাম। সব নবীই তার উম্মতকে নসীহত করেছেন।

- আল্লাহর জন্য নসীহত: এটি তার তাওহীদ এবং তাকে পরিপূর্ণ ও মহান গুণসমূহে গুণান্বিত করা এবং তার বিপরীত ও পরিপন্থী বিষয় থেকে তাঁকে পবিত্র জ্ঞান করা, তাঁর নাফরমানি থেকে বেঁচে থাকা এবং তাঁর আনুগত্য করা ও তাঁকে মহব্বত করা, তাঁর জন্য ভালোবাসা ও তাঁর জন্য ঘৃণা করা, যারা তাঁর সাথে কুফরী করে তাদের বিরুদ্ধে জিহাদ করা এবং এসবের প্রতি মানুষকে আহ্বান করা এবং তার প্রতি উৎসাহ প্রদান করার মাধ্যমে হয়।

- তাঁর কিতাবের জন্য নসীহত: এটি কিতাবের উপর ঈমান আনা, তাকে মহান ও পবিত্র জানা এবং তার হক অনুযায়ী তার তিলাওয়াত করা, তার আয়াতসমূহে গভীর চিন্তা গবেষণা করা, তার দাবী অনুযাযী আমল করা, তার প্রতি দাওয়াত দেয়া এবং তার পক্ষে প্রতিহত ও প্রতিরোধ করার মাধ্যমে হয়।

- তাঁর রাসূলের জন্য নসীহত: এটি রাসূলের উপর এবং তিনি যা নিয়ে এসেছেন তার প্রতি ঈমান আনা, তিনি যে বিষয়ে আদেশ করেছেন সেগুলোর আনুগত্য করা এবং যে সব বিষয়ে নিষেধ করেছে তা থেকে বিরত থাকা, তাঁকে সম্মান ও বড় জ্ঞান করা, তাঁর সুন্নাতকে জীবিত করা , তাঁর চরিত্রে চরিত্রবান হওয়া, তাঁর পরিবার ও সাহাবীদেরকে ভালোবাসা এবং তাঁর থেকে, তাঁর সুন্নাত থেকে, তাঁর পরিবার পরিজন, তাঁর সাহাবীদের এবং যারা তাদেরকে ইহসানের সাথে অনুসরণ করেন তাদের সকলের থেকে (সংন্দেহ, সংশয় ও বদনাম) প্রতিহত করার মাধ্যমে হয়।

- মুসলিমদের ইমামদের জন্য নসীহত: অর্থাৎ তাদের খলীফা ও নেতাদের জন্য। আর তা হয়ে থাকে তাদেরকে হক পথে সহযোগিতা করা, তাতে তাদের আনুগত্য করা, তাদেরকে নমনীয়তার সাথে নসিহত করা এবং স্মরণ করিয়ে দেয়া, তাদের জন্য দোয়া করা এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ না করা দ্বারা।

- সাধারণ মুসলিমদের জন্য নসীহত: যেমন তুমি তোমার নিজের জন্য যা মুহব্বত করো তাদের জন্যও তাই মুহব্বত করবে, দীনি ও দুনিয়াবী কল্যাণের প্রতি তাদের পথ দেখাবে, তাদের দোষ-ত্রুটি গোপন রাখা, তাদের দুশমনদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করা, তাদের পক্ষে প্রতিরোধ করা এবং তাদের প্রতি বিদ্বেষ পোষণ ও ধোঁকা দেয়া থেকে বিরত থাকা।

আল্লাহর নিকট আমাদের প্রার্থনা হলো তিনি যেন আমাদের সে সব লোকদের অন্তর্ভুক্ত করেন যারা কথা শোনে এবং উত্তম কথার অনুসরণ করে। এ টুকু আলোচনায় যথেষ্ট করছি। আল্লাহর ইচ্ছায় পরবতী দারসে আমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা সম্পর্কে আলোচনা করব।