hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

৩২. প্রধান প্রধান তাগুত কারা?

বর্তমান সমাজের প্রধান প্রধান ৮ প্রকার তাগূত সম্পর্কে আলোচনা করা হলো।

১. ইবলীস : সে আল্লাহকে বাদ দিয়ে তার ইবাদাতের দিকে মানুষকে আহবান করে এবং মানুষকে তাগূতে পরিণত করতে উষ্কানি দেয়- এমনকি অন্যান্য তাগূতদেরকেও সে পরিচালনা করে থাকে।

২. শাসক : আল্লাহর বিধান পরিবর্তন করে বা অস্বীকার করে মানুষের বানানো শাসনতন্ত্র কায়েম করে এমন শাসক তাগূতের অন্তর্ভুক্ত।

৩. বিচারক : যে বিচারক বা সমাজপতি আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অস্বীকার বা বাতিল করে অন্য কোন মানবরচিত আইন-বিধান বা সংবিধান দিয়ে ফায়সালা করে তারাও তাগূতের অন্তর্ভুক্ত।

৪. ইলমে গায়েবের দাবিদার : যারা ইলমুল গায়িব বা অদৃশ্য জ্ঞানের দাবি করে তারাও তাগূত।

৫. পীর-পুরোহিত : যেসব পীররা মনগড়া ইবাদাত ও বহু তরীকা নিজেরা তৈরি করে মানুষকে আল্লাহর পরিবর্তে তাদের ইবাদাতের দিকে আহবান করে এরাও তাগূতের অন্তর্ভুক্ত।

৬. যাদুকর : যাদুকরেরাও তাগূতের অন্তর্ভুক্ত।

৭. হাওয়া বা প্রবৃত্তি/খেয়াল-খুশির অনুসরণ করা : যারা কুরআন ও সুন্নাহকে অনুসরণ না করে মন যা চায় তাই করে এবং তাদের খেয়াল-খুশির অনুসরণে জীবনযাপন করে তারা তাদের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নেয়। তাই তাদের নিজ প্রবৃত্তিও তাগূতের অন্তর্ভুক্ত।

৮. বাপ-দাদা ও পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ :

তাগুতগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ তাগুত হলো বাপ-দাদা ও পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ করা। বাপ-দাদা ও পূর্বপুরুষ থেকে চলে আসা যত রসম-রেওয়াজ ও কুসংস্কার রয়েছে, সেগুলোকেই শক্তভাবে ধরে রাখা। যুগে যুগে নবী-রাসূলগণ যখনই মানুষকে হক্বের দিকে আহবান করেছেন তখনই তারা পূর্বপুরুষ ও আকাবিরদের দোহাই দিয়ে বলত, এটা পূর্বপুরুষ হতে চলে এসেছে, অমুক অমুক বড় বড় বুযুর্গ এ কাজ করেছেন, তারা কি কম বুঝেছেন? অথচ কুরআনে এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে-

﴿وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَاۤ اَنْزَلَ اللهُ قَالُوْا بَلْ نَتَّبِعُ مَاۤ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْئًا وَّلَا يَهْتَدُوْنَ﴾

যখন তাদেরকে বলা হয় যে, আল্লাহ যা নাযিল করেছেন তার অনুসরণ করো তখন তারা বলে, বরং আমরা তাঁরই অনুসরণ করব, যার উপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি। অথচ (এ ব্যাপারে) তাদের পিতৃপুরুষদের কোন জ্ঞান ছিল না এবং তারা হেদায়াতপ্রাপ্তও ছিল না।

(সূরা বাক্বারা- ১৭০)