hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

আরাফার দিনে রোজা রাখার মর্যাদা

15 - عَنْ أَبيْ قَتَادَةَ رَضِيَ اللهُ عَنْهُ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " صِيَامُ يَوْمِ عَرَفَةَ، إِنِّيْ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِيْ قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِيْ بَعْدَه ".

( جامع الترمذي , رقم الحديث 749, وصحيح مسلم , جزء من رقم الحديث 196- (1162), واللفظ للترمذي , وقَالَ الإمام الترمذي عن هذا الحديث : بأنه حديث حسن , وصححه الألباني ).

15 - অর্থ: আবু কাতাদা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত যে, নিশ্চয় নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: আমি আল্লাহর কাছে আশা পোষণ করি যে, আরাফার দিনের একটি রোজা তার পূর্বের এক বছর ও পরের এক বছরের পাপের কাফ্ফারা হয়ে যায়”।

[জামে তিরমিযী, হাদীস নং 749 এবং সহীহ মুসলিম, হাদীস নং 196 -(1162) এর অংশবিশেষ। তবে হাদীসের শব্দগুলি জামে তিরমিযী থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিযী এই হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়:

আবু কাতাদাহ বিন রিব্‌য়ী আল আনসারী [রাদিয়াল্লাহু আনহু] একজন মহাগৌরবময় সাহাবী। তিনি ইসলামের বড়ো বড়ো যুদ্ধ ও অভিযানে অংশ গ্রহণ করেন এবং নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর রক্ষণাবেক্ষণের জন্য নিজে পাহারা দিতেন ও তত্ত্বাবধান করতেন। ওমার [রাদিয়াল্লাহু আনহু] তাঁকে পারস্যের যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছিলেন। তিনি সেই দেশের বাদশাহকে নিজ হাতে হত্যা করতে সক্ষম হয়েছিলেন। তাঁর মৃত্যুর স্থান ও তারিখের বিষয়ে মতানৈক্য রয়েছে। বলা হয়েছে যে তিনি সন 38 হিজরীতে কূফা শহরে মৃত্যুবরণ করেন এবং আলী [রাদিয়াল্লাহু আনহু] তাঁর জানাজার নামাজ পড়ান। আবার একথাও বলা হয়েছে যে, তিনি মাদীনায় সন 54 হিজরীতে মৃত্যুবরণ করেন [রাদিয়াল্লাহু আনহু] । এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। আরাফার দিনে হজ্জ সম্পাদনের কাজে রত থাকা ব্যক্তিগণ ছাড়া অন্য মুসলিমগণকে আরাফার দিনে রোজা রাখার প্রতি এই হাদীসটি উৎসাহ প্রদান করে।

2। আরাফার দিনের একটি রোজা তার পূর্বের এক বছর ও পরের এক বছরের পাপের কাফ্ফারা হয়ে যাওয়ার অর্থ হলো ছোটো ছোটো পাপের কাফ্ফারা এবং বড়ো পাপের ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য তওবার আনুষঙ্গিক বিষয়ের সহিত তওবা করার প্রয়োজন রয়েছে।

3- ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক আল্লাহর নিকটে সৎকর্মের দ্বারা মুসলিম ব্যক্তি উচ্চমর্যাদা লাভ করতে পারবে।