hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

প্রকৃত ইসলাম ধর্মে নিয়তের গুরুত্ব ও মর্যাদা

38 - عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يُحْشَرُ النَّاسُ عَلَى نِيَّاتِهِمْ ".

( سنن ابن ماجه , رقم الحديث 4230, وصححه الألباني , وصحيح مسلم , جزء من رقم الحديث 83 - (2878), واللفظ لابن ماجه ).

38 - অর্থ: জাবের [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “কেয়ামতের দিন সকল জাতির মানব সমাজকে একত্রিত করা হবে তাদের নিয়তের উদ্দেশ্যকে লক্ষ্য করে”।

[সুনান ইবনু মাজাহ, হাদীস নং 4230, আল্লামাহ নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন। এবং সহীহ মুসলিম, হাদীস নং 83 -(2878) এর অংশবিশেষ]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 32 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, ইসলাম ধর্মে নিয়তের মহা মান, মর্যাদা ও গুরুত্ব রয়েছে । তাই নিশ্চয় প্রত্যেকটি কর্ম বা আমল সঠিক হওয়ার মূল ভিত্তি হলো পবিত্র ও বিশুদ্ধ নিয়ত অনুযায়ী আল্লাহর বিধান মোতাবেক হওয়া।

2। নিয়ত বলা হয়: কোনো কর্ম সম্পাদনের সাথে সাথে ইচ্ছা পোষণ করা বা মনে ধারণ পোষণ করা । যদি কোনো কর্ম সম্পাদনের ইচ্ছা পোষণ করা হয় কিন্তু কর্ম সম্পাদন পরে হয়, তাহলে তাকে সঙ্কল্প বা সিদ্ধান্ত বলা হয়। সুতরাং নিয়তের তাৎপর্য হলো এই যে, কোনো কর্ম সম্পাদনের ইচ্ছা পোষণ করার সাথে সাথেই কর্ম সম্পাদন করা।

3। নিশ্চয় কুরআন এই নিয়তকে অনেক ভঙ্গিতে প্রকাশ করেছে: পরকালের ইচ্ছা পোষণ করা, আল্লাহর চেহারা বা দিক চাওয়া এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করার দৃঢ় ইচ্ছা রাখা ইত্যাদি।