hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৮

একজন মুসলিম ব্যক্তি অন্য আরেক জন মুসলিম ব্যক্তির প্রতি জুলুম করা হারাম

74 - عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ , وَمَنْ كَانَ فِيْ حَاجَةِ أَخِيْهِ , كَانَ اللهُ فِيْ حَاجَتِهِ ".

( صحيح البخاري , رقم الحديث 6951, وصحيح مسلم , رقم الحديث 58- (2580), واللفظ للبخاري ).

74 - অর্থ: আব্দুল্লাহ বিন ওমার [রাদিয়াল্লাহু আনহুমা] হতে বর্ণিত। তিনি বলেন যে, নিশ্চয় আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “একজন মুসলিম ব্যক্তি অন্য আরেক জন মুসলিম ব্যক্তির ভাই। সুতরাং সে তার প্রতি অত্যাচার করবে না এবং তাকে অত্যাচারীর হাতে ছেড়েও দিবে না। এবং যে ব্যক্তি তার ভাইয়ের অভাব মেটাবে, সেই ব্যক্তির অভাব আল্লাহ মেটাবেন”।

[সহীহ বুখারী, হাদীস নং 6951 এবং সহীহ মুসলিম, হাদীস নং 58 -(2580), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 22 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, একজন মুসলিম ব্যক্তির জন্য অন্য আরেক জন মুসলিম ব্যক্তির প্রতি অত্যাচার বা জুলুম করা হারাম এবং অবৈধ। অনুরূপভাবে কোনো মুসলিম ব্যক্তিকে কোনো অত্যাচারীর হাতে তার প্রতি অত্যাচার করার জন্য ছেড়ে দেওয়া জায়েজ নয়। তাই তাকে অত্যাচারীর অত্যাচার হতে রক্ষা করা এবং তার সাহায্য করা ওয়াজিব এবং অপরিহার্য।

2। সাধ্যানুযায়ী মানুষের সহযোগিতা করার প্রতি এই হাদীসটি উৎসাহ প্রদান করে। সুতরাং কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় পড়লে, তার প্রয়োজন পূরণ করে তাকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করা মুসলিমগণের প্রতি ওয়াজিব।

3। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় বা বুঝা যায় যে, মুসলিমগণের অন্তরকে আনন্দিত করার কাজটিকে আল্লাহ পছন্দ করেন। এবং তাদেরকে দুঃখ বা কষ্ট দেওয়ার কাজটিকে আল্লাহ ঘৃণা করেন। তাই মুসলিমগণের কাজ হলো এই যে, তারা যেন মুসলিমগণকে আনন্দিত রাখার চেষ্টা করে এবং তাদেরকে দুঃখিত করার চেষ্টা না করে।