hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

সাদা রং এর কাপড় সাধারণ পরিধান ও কাফনের জন্য হলো সর্বোত্তম কাপড়

41 -عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " اِلْبَسُوا مِنْ ثِيَابِكُمْ الْبَيَاضَ؛ فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ , وَكَفِّنُوْا فِيْهََا مَوْتَاكُمْ ".

( جامع الترمذي , رقم الحديث 994, وسنن أبي داود , رقم الحديث 3878, و سنن ابن ماجه , رقم الحديث 1472, وقال الإمام الترمذي عن هذا الحديث بأنه : حسن صحيح , واللفظ للترمذي , وصححه الألباني ).

41 - অর্থ: আব্দুল্লাহ বিন আব্বাস [রাদিয়াল্লাহু আনহুমা] থেকে বর্ণিত। তিনি বলেন যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “তোমরা তোমাদের সাদা রং এর কাপড় পরিধান করো। কেননা সাদা রং এর কাপড় হলো তোমাদের সর্বোত্তম কাপড়; অতএব এই সাদা রং এর কাপড়ের দ্বারাই তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে কাফন দিবে”।

[জামে তিরমিযী, হাদীস নং 994, সুনান আবু দাউদ, হাদীস নং 3878 এবং সুনান ইবনু মাজাহ, হাদীস নং 1472, তবে হাদীসের শব্দগুলি জামে তিরমিযী থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান, সহীহ বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়:

আব্দুল্লাহ বিন আব্বাস [রাদিয়াল্লাহু আনহুমা] একজন বিশিষ্ট ও প্রসিদ্ধ সাহাবী। তাঁর কুনিয়াত (ডাকনাম) আবুল আব্বাস। ইমামুত্‌ তাফসীর হিসেবে তিনি উপাধি লাভ করেছেন। তিনি আল্লাহর রাসূলের চাচাতো ভাই। হিজরতের তিন বছর পূর্বে তিনি মাক্কাতে শেবে আবী তালেব নামক স্থানে জন্ম গ্রহণ করেন, হাশিম বংশের লোকেরা উক্ত স্থান থেকে বেরিয়ে আসার আগেই। অতঃপর নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সান্নিধ্যে থেকে জ্ঞানার্জন করেন। তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা হলো 1660 টি। আল্লাহর রাসূলের মৃত্যুবরণের সময় তাঁর বয়স ছিল 13 বছর। আলী বিন আবী তালেব [রাদিয়াল্লাহু আনহুমা] তাঁকে বাসরা শহরের আমীর নিযুক্ত করেছিলেন। তিনি সন 68 হিজরীতে তায়েফ শহরে 70 বছর বয়সে মৃত্যুবরণ করেন, এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে। [রাদিয়াল্লাহু আনহুমা]

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, সাদা রং এর কাপড় সাধারণ পরিধান ও কাফনের জন্য হলো উত্তম ও মুস্তাহাব বা ভালো কাপড়; যেহেতু সাদা রং এর কাপড় অন্য রং এর কাপড় চেয়ে অধিকপবিত্র ও উত্তম। এই জন্য যে তাতে রয়েছে সুন্দরতা ও উৎকৃষ্টতা। এবং এই কাপড়কে অধিকপবিত্র এই জন্য বলা হয় যে, এই কাপড়ে কোন প্রকার মাটি বা ময়লা অথবা কোন প্রকার অপবিত্র বস্তু লাগলে, তা সহজই স্পষ্টভাবে প্রকাশ পায়। এবং তা ধৌত করে পরিষ্কার, পরিচ্ছন্ন ও পবিত্র করা হয়; তাই সাদা রং এর কাপড় বেশি পরিষ্কার, পরিচ্ছন্ন ও পবিত্র থাকে।

2। এই হাদীসটির দ্বারা এটাও প্রমাণিত হয় যে, সাদা রং এর কাপড়ের বিষয়ে পুরুষের বিধান নারীর বিধানের মতই; তাই এই বিষয়ে পুরুষ ও নারীদের বিধানের মধ্যে কোনো পার্থক্যের কোন সহীহ হাদীস বা দলিল নেই। যে ব্যক্তি পার্থক্যের দাবী করবে, তার জন্য প্রমাণ বা সহীহ হাদীস অথবা দলিল উপস্থাপন করা অপরিহার্য হয়ে যাবে।

আর এই বিধানের ক্ষেত্রে নারীরা হলো পুরুষদের মতই। তাই এই বিষয়ে মহান আল্লাহ পুরুষদের জন্য যে বিধান সাব্যস্ত করেছেন, নারীদের জন্য সেই বিধান প্রযোজ্য। তবে যদি নারীদেরকে সেই সাধারণ বিধান থেকে আলাদা করার কোন দলিল থাকে, তাহলে সেটা হবে স্বতন্ত্র বিষয়।