hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৭

পবিত্র রমাজান মাসের মহা মর্যাদা

63 - عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ يَقُوْلُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا دَخَلَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ، وَسُلْسِلَتِ الشَّيَاطِيْنُ ".

( صحيح البخاري , رقم الحديث 3277, وصحيح مسلم , رقم الحديث 1 - (1079), واللفظ للبخاري ).

63 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত। তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “যখন রমাজান মাসের আগমন ঘটে, তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়”।

[সহীহ বুখারী, হাদীস নং 3277 এবং সহীহ মুসলিম, হাদীস নং 1 -(1079), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 13 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। রমাজান মাসের মহা মর্যাদার অন্তর্ভুক্ত একটি বিষয় হলো এই যে, এই মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। সুতরাং যে ব্যক্তি জান্নাতে প্রবেশের প্রত্যাশী হবে এবং জাহান্নাম থেকে পরিন্ত্রাণ কামনাকারী হবে, সে ব্যক্তি যেন একনিষ্ঠতার সহিত সৎ কর্ম সম্পাদনে তৎপর থাকে।

2। প্রকৃতপক্ষে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। কিন্তু শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করার কারণে কোন প্রকার অন্যায় ও পাপের কাজ সংঘটিত হবে না এমন কথা নয়। কেননা অন্যায় ও পাপের কাজ সংঘটিত হওয়ার অন্যান্য কতকগুলি উপাদানও আছে। সেই উপাদানগুলির মধ্যে রয়েছে: পাপাত্মা, বদভ্যাসের মানুষ এবং অতিশয় পাপীলোক।

3। জান্নাতের দরজা খুলে দেওয়া, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করার দ্বারা পবিত্র রমাজান মাসের মহা মর্যাদা সাব্যস্ত করা হয়। এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করার মাধ্যমে ঈমানদার মুসলিমগণকে শয়তানদের কষ্টদায়ক আচরণ, অমঙ্গল এবং প্রভাব থেকে রক্ষা করা হয়।