hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮

মহান আল্লাহ হৃদয়সমূহের প্রকৃত নিয়ন্ত্রক

44 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُوْلُ : إِنَّهُ سَمِعَ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ : " إنَّ قُلُوْبَ بَنِيْ آدمَ كُلَّهَا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ كَقَلبٍ وَاحِدٍ , يَصْرِفُهُ حَيْثُ يَشَاءُ " ، ثُمَّ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " اللَّهُمَّ مُصَرِّفَ القُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ ". ( صحيح مسلم , رقم الحديث 17 - (2654),).

44 - অর্থ: আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস [রাদিয়াল্লাহু আনহুমা] হতে বর্ণিত। তিনি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কে এই কথা বলতে শুনেছেন যে, “আদম সন্তানের হৃদয়সমূহ দয়াময় আল্লাহর আঙ্গুলসমূহের মধ্যে থেকে দুইটি আঙ্গুলের দ্বারা একটি হৃদয়ের মত নিয়ন্ত্রিত। তাই তিনি তাঁর ইচ্ছা মত হৃদয়গুলিকে নিজের নিয়ন্ত্রণে রেখে আবর্তিত করেন। অতঃপর আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বললেন:

" اللَّهُمَّ مُصَرِّفَ القُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ ".

অর্থ: হে আল্লাহ! হে হৃদয়সমূহের নিয়ন্ত্রক! আপনি আমাদের হৃদয়সমূহকে আপনার আনুগত্যের উপর নিয়ন্ত্রিত করে রাখুন”।

[সহীহ মুসলিম, হাদীস নং 17 -(2654) ]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়:

আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস আল কোরাশী আসসাহমী একজন সম্মানিত সাহাবী, তিনি তাঁর পিতা আমর ইবনুল আস [রাযিয়াল্লাহু আনহু]এর পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি সাহাবীগণের মধ্যে প্রসিদ্ধ আলেম এবং ইবাদত ও পরহেজগারিতায় ছিলেন অনুকরণীয় সাহাবী। তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা হলো 700 টি।

তিনি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে অনেকগুলি যুদ্ধে অংশ গ্রহণ করেন। রাষ্ট্রপরিচালনার দিক দিয়ে এবং প্রশাসনিক কার্যক্রমের ক্ষেত্রেও তিনি বিশেষ দক্ষতা রাখতেন; তাই মোয়াবিয়া [রাযিয়াল্লাহু আনহু] তাঁকে কূফা শহরের আমীর নিযুক্ত করেছিলেন একটি নির্দিষ্ট কালের জন্য।

তিনি মিশর দেশের জামে আল্‌ ফুস্‌তাতে আমর ইবনুল আস মাসজিদে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] হতে হাদীস বর্ণনা করতেন; তাই তাঁর কাছ থেকে মিশর, শামদেশ এবং মাক্কা-মাদীনার বহু শিষ্য হাদীসের জ্ঞানার্জন করেছেন।

তিনি মিশরে সন 65 হিজরীতে মৃত্যুবরণ করেন এবং বিপজ্জনক পরিস্থিতির কারণে তাঁর ঘরেই তাঁকে দাফন করা হয়। এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে। সুতরাং বলা হয়েছে যে, তিনি শামদেশে অথবা মাক্কা শহরে মৃত্যুবরণ করেছেন।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটির দাবি অনুযায়ী এই বিষয়টি প্রমাণিত হয় যে, আল্লাহর প্রকৃত ধর্ম ইসলামে সঠিক পন্থায় অটল থাকার জন্য উপযুক্ত উপায় এবং উপকরণ গ্রহণ করার জন্য প্রয়াস করা অপরিহার্য বা জরুরি। কেননা প্রয়াস ছাড়া সাফল্য অসম্ভব। আর কর্ম হিসেবে কর্মের ফলাফল প্রকাশ পায়, এবং যে কোনো জিনিস বা বস্তু এবং কর্ম তার উপকরণের সাথে সংযুক্ত। আর মহান আল্লাহর নীতি স্থায়ী, অপরিবর্তনীয় সুতরাং তার কোনো পরিবর্তন নেই।

2। কোন ব্যক্তি যখন তার প্রতিপালক, তার সৃষ্টিকর্তা এবং তার রুজিদাতা মহান আল্লাহ সম্বন্ধে প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে, তখন মহান আল্লাহ তার অন্তরে বা হৃদয়ে প্রদান করবেন নিরাপত্তা, শান্তি, আনন্দ এবং আরাম।

এবং কোনো ব্যক্তি যখন তার প্রতিপালক, তার সৃষ্টিকর্তা এবং তার রুজিদাতা মহান আল্লাহ সম্বন্ধে প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে না, তখন মহান আল্লাহ তার অন্তরে বা হৃদয়ে প্রদান করবেন ভয়, উদ্বেগ এবং অশান্তি। কেননা সমস্ত লোকের হৃদয়গুলি রয়েছে মহান আল্লাহর হাতে, কোনো ব্যক্তির হাতে নয়।

3। মহান আল্লাহর আঙ্গুল রয়েছে। এই বিষয়টির প্রতি ঈমান স্থাপন করা অপরিহার্য। তবে মহান আল্লাহর আঙ্গুলগুলির স্বরূপ এবং পদ্ধতির বিবরণ দেওয়া যাবে না। অনুরূপভাবে মহান আল্লাহর আঙ্গুলগুলির তুলনা করা যাবে না এবং সেগুলিকে ক্রিয়াহীন বা নিষ্ক্রিয় কিংবা অস্বীকার করাও চলবে না ।