hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

৩. যেনা-ব্যভিচারের দ্বার উন্মুক্ত হচ্ছে

ইন্টারনেটে ছড়িয়ে আছে লাখ লাখ, কোটি কোটি যৌন দৃশ্য যা ইন্টারনেট খুললেই চোখে পড়ে। এসব দেখে প্রতিনিয়ত যুবক-যুবতী, তরুণ-তরুণী মারাত্মকভাবে যৌন নেশায় আসক্ত হয়ে পড়ছে। যৌনতা চরিতার্থ করার জন্য তারা বেছে নিচ্ছে অবৈধ পাপের পথ। বিবাহের পূর্বে অবৈধ প্রণয়ে ফেঁসে গিয়ে তারা চোখ, হাত, জিহবা ও যৌনাঙ্গের ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আবার অনেকে বিবাহের মাধ্যমে যৌন বিকারত্বের অবসান ঘটানোর পরেও অশ্লীলতায় মদের মতো আসক্ত হয়ে পড়েছে। যা তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উভয় জগতে।

পৃথিবী ধ্বংস হওয়ার একটি নিদর্শন হলো ব্যভিচার বেড়ে যাওয়া। ব্যভিচার এমনি মারাতমক অপরাধ, যা ব্যক্তির মানসম্মান ইজ্জত-আব্রুকে ধ্বংস করে এবং সমাজকে কলুষিত করে ফেলে। একে অন্যের মা, বোন, স্ত্রী কন্যাকে সম্পূর্ণ রূপে বিনষ্ট করে। মহান আল্লাহ এ অপরাধের দ্বার চিরতরে বন্ধের নির্দেশ দিয়ে বলেন,

﴿وَلَا تَقْرَبُوا الزِّنَاۤ إِنَّهٗ كَانَ فَاحِشَةً وَّسَآءَ سَبِيْلًا﴾

তোমরা যেনা অর্থাৎ ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। কারণ তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। (সূরা ইসরা ১৭:৩২)

মহা পাপের মধ্যে অন্যতম পাপ হল ব্যভিচার। [বুখারী হা/৪৪৭৭, ৪৭৬১, মুসলিম হা/৮৬।] আল্লাহ ঐ পাপ থেকে দূরে থাকতে বলেছেন, কিন্তু অশ্লীল-পর্নোগ্রাফির আগ্রাসন আজ উক্ত পাপে আরো বেশি উৎসাহিত বা প্ররোচিত করছে। ফলে মুক্তমনা অসংখ্য যুবক-যুবতী আল্লাহর জমিনে, তারই চোখের সামনে হোটেল-রেস্টুরেন্টে, উদ্যান-পার্কে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বরে ও সমুদ্র সৈকতে ব্যভিচারের মতো জঘন্য পাপে লিপ্ত হচ্ছে। দুনিয়াতে এসকল তরুণ-তরুণীর, যুবক-যুবতীর জীবনে নেমে আসছে এইডস এর মতো সংক্রামক ব্যাধি ও অশান্তি এবং পরকালে এরাই জাহান্নামের আগুনে জ্বলবে।