hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৮

২৪. সর্বদা আল্লাহকে স্মরণ রাখতে হবে

আল্লাহকে স্মরণ রাখুন। তিনি আপনার সকল কর্ম সম্পর্কে অবগত,

﴿وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ﴾

তোমরা যা কর আল্লাহ সে সম্বন্ধে বেখেয়াল নন। (সূরা বাক্বারা ২:৭৪)

অন্যত্র তিনি বলেন,

﴿إِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا﴾

তোমরা যা কিছু কর, সে বিষয়ে আল্লাহ বিশেষভাবে অবহিত। (সূরা নিসা ৪:৯৪)

জেনে রাখুন! আল্লাহ আপনার সকল কর্ম দেখেন ও শুনেন। আল্লাহ বলেন,

﴿إِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًا ۢبَصِيْرًا﴾

নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন। (সূরা নিসা ৪:৫৮)

আল্লাহ আরো বলেন,

﴿يَعْلَمُ خَآئِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُوْرُ﴾

আল্লাহ চক্ষুর গোপন চাহনি সম্পর্কে অবগত আর অন্তর যা গোপন করে সে সম্পর্কেও। (সূরা মুমিন ৪০:১৯)

প্রিয় বন্ধু! স্মরণ রেখো, মূলত শয়তানই মানুষের উপর প্রভাব খাটিয়ে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখছে। এ ক্ষেত্রে সে আধুনিক প্রযুক্তি তথা মোবাইল, কম্পিউটার, টিভি ও ইন্টারনেট এবং মদ, জুয়া ইত্যাদিকে মাধ্যম হিসেবে গ্রহণ করছে। মহান আল্লাহ বলেন,

﴿إِنَّمَا يُرِيْدُ الشَّيْطَانُ أَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُّنْتَهُوْنَ﴾

নিশ্চয় শয়তান মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করতে, আল্লাহর স্মরণ এবং সালাত থেকে তোমাদেরকে বাধা দিতে চায়; কাজেই তোমরা কি এগুলো থেকে বিরত হবে না? (সূরা মায়েদা ৫:৯১)

অন্যত্র আল্লাহ বলেন,

﴿اِسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ فَأَنْسَاهُمْ ذِكْرَ اللّٰهِ أُولٰٓئِكَ حِزْبُ الشَّيْطَانِ أَلَاۤ إِنَّ حِزْبَ الشَّيْطَانِ هُمُ الْخَاسِرُوْنَ﴾

শয়তান তাদের উপর প্রভাব খাটিয়ে বসেছে আর তাদেরকে আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। তারা শয়তানের দল। জেনে রেখো! শয়তানের দলই ক্ষতিগ্রস্ত। (সূরা মুজাদালাহ ৫৮:১৯)

প্রিয় বন্ধু! আশা করি আপনি আল্লাহর স্মরণ ভুলে গুমরাহী ও শয়তানের দলভুক্ত হয়ে চিরজাহান্নামী হবেন না। আপনি ওদের অন্তর্ভুক্ত হোন যাদের সম্পর্কে আল্লাহ বলেন,

﴿رِجَالٌ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيْتَآءِ الزَّكَاةِ يَخَافُوْنَ يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْأَبْصَارُ﴾

এমন লোকেরা, যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, সালাত কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। (সূরা নূর ২৪:৩৭)

আসুন আমরা আল্লাহর স্মরণের জন্য অশ্লীলতা দেখা থেকে বিরত থাকি এবং আল্লাহর ইবাদতে মশগুল হই।