hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

সংকলকের কথা

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِه مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِه وَصَحْبِه اَجْمَعِيْنَ

সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার জন্য, যিনি আমাকে চোখের হেফাযত বিষয়ের উপর কলম ধরার তাওফীক দান করেছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত প্রিয় নবী মুহাম্মাদ ﷺ এর উপর, তার পরিবারবর্গের উপর, সাহাবীদের উপর এবং সকল মুমিনের উপর।

বর্তমান যুগ প্রযুক্তির যুগ। টিভি, কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি এখন মানুষ অবাধে ব্যবহার করছে। এগুলো সম্পর্কে পূর্বের মানুষ কিছুই জানত না। প্রযুক্তির এসব মাধ্যম আল্লাহ মানুষের কল্যাণে সৃষ্টি করলেও আজ বিশেষভাবে কিশোর-কিশোরী, যুবক-যুবতী এগুলোর অপব্যবহার করে ধ্বংসের অতল তলে হারিয়ে যাচ্ছে। যার ফলে নীতি-নৈতিকতায় ধস নেমেছে; ছাত্র-ছাত্রীরা পড়া-লেখায় অমনোযোগী হয়ে পড়ছে, পরিবারের কাজে সময় না দিয়ে এগুলোতে মেতে থাকছে, আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে পড়ছে।

ইসলামের চিরশত্রুরা নারী জাতিকে ভোগের বস্ত্ত বানিয়ে স্যাটেলাইটের মাধ্যমে মুহূর্তের মধ্যে পৌঁছে দিচ্ছে গোটা বিশ্বে। আর নারীর ফিতনা হলো পৃথিবীর ইতিহাসে প্রথম ফিতনা। আল্লাহ তা‘আলা বলেন,

﴿زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ﴾

মানুষের কাছে সুশোভিত করা হয়েছে নারীদের প্রতি ভালোবাসাকে।

(সূরা আল-ইমরান ৩:১৪)

তাই আজ ইসলাম ও মুসলিমদের চিরশত্রুরা এদেরই মাধ্যমে ধ্বংস করছে যুবচরিত্র, ধ্বংস করছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ইসলামে এসব অশ্লীলতা স্পষ্ট হারাম ও পাপের কাজ। কিন্তু অনেক মুসলিম কিশোর-কিশোরী, যুবক-যুবতী এগুলোকে পাপের কাজ মনে করছে না। কেউ আবার নগণ্য পাপ মনে করছে। অথচ আল্লাহর রাসূল ﷺ বলেছেন, إِيَّاكُمْ وَمُحَقَّرَاتِ الذُّنُوبِ তোমরা ছোট ছোট পাপ থেকে বেঁচে থাকো (আহমাদ হা/২২৮০৮)। অপর হাদীসে এসেছে, একদা রাসূলুল্লাহ ﷺ আয়েশা (রাঃ)-কে লক্ষ্য করে বলেন, يَا عَائِشَةُ إِيَّاكِ وَمُحَقَّرَاتِ الذُّنُوبِ فَإِنَّ لَهَا مِنَ اللّٰهِ عَزَّ وَجَلَّ طَالِبًا হে আয়েশা! তুমি ক্ষুদ্র-ক্ষুদ্র পাপ হতেও সাবধান থাকো। কেননা আল্লাহর পক্ষ থেকে সেগুলো (লেখার জন্য ফেরেশতা) নিযুক্ত রয়েছে। (আহমাদ হা/২৪৪১৫)

বর্তমান যুগের পর্নোগ্রাফি ভক্তরা ছোট ছোট পাপকে ভয় না করলেও সাহাবীগণ অত্যন্ত ভয় করতেন। যেমন আনাস (রাঃ) বলেন,

إِنَّكُمْ لَتَعْمَلُونَ أعْمَالًا هِيَ أدَقُّ فِي أَعْيُنِكُمْ مِنَ الشَّعْرِ كُنَّا نَعُدُّهَا عَلٰى عَهْدِ رَسُولِ اللهِ - مِنَ المُوبِقاتِ

তোমরা এমন কতগুলো কাজ করছ, যা তোমাদের দৃষ্টিতে চুলের চেয়েও নগণ্য। কিন্তু রাসূলুল্লাহ ﷺ-এর যুগে ঐ কাজগুলোকেই আমরা সর্বনাশী কার্যসমূহের শ্রেণীভুক্ত মনে করতাম। বুখারী হা/ ৬৪৯২

প্রিয় পাঠক-পাঠিকা! মূলত আমি এ বিষয়ে কলম ধরতে উদ্বুদ্ধ হয়েছিলাম আমেরিকার বিশিষ্ট দা’ঈ এবং পবিত্র কুরআনুল কারীমের গবেষক নোমান আলী খানের ১২ মিনিট ১৫ সেকেন্ডের পর্নোগ্রাফির উপর লেকচার শুনে এবং বিভিন্ন জায়গায় মানুষকে অশ্লীলতা, নোংরামী থেকে বিরত থাকার দাওয়াত দিতে গিয়ে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন।

আজ আমরা এমন একটা যুগে পৌঁছেছি, যে যুগে অশ্লীলতা ও বেহায়াপনা ক্রমাগত হারে বেড়েই চলেছে। অশ্লীলতার অন্যতম জগত হলো মিডিয়ার জগত। যার স্রোতে ভাসছে লক্ষ-কোটি যুবক-যুবতী। ইসলামের শত্রুরা এ নীরব যুদ্ধের মাধ্যমে ধ্বংস করছে পরিবার, রাষ্ট্র ও গোটা বিশ্ব। এরই মাধ্যমে খুলছে হাজারও পাপের রাস্তা, যে রাস্তা ধরে শত শত যুবক-যুবতী, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী চলছে জাহান্নামের পথে। তাই এখন সময়ের দাবী হচ্ছে, প্রত্যেকে নিজেদের চোখকে হেফাযত করা এবং চোখের যিনা হতে বেঁচে থাকা।

আশা করি, এ বইটি বর্তমান মুসলিম যুবসমাজকে অশ্লীলতার ভয়াল থাবা থেকে রক্ষা করতে সামান্য হলেও অবদান রাখবে- ইনশাআল্লাহ। বইটি সংকলনে যারা যেভাবে সহযোগিতা করেছেন এবং যাদের লেখনির সহযোগিতা গ্রহণ করা হয়েছে, তাদের প্রত্যেকের জন্য মহান মনিবের দরবারে সর্বোত্তম প্রতিদান কামনা করছি। আমীন!

বিনীত

মফিজুল ইসলাম

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।