hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮০

২৬. লজ্জাশীল হতে হবে

শয়তানই মূলত মানুষকে নির্লজ্জতার দিকে আহবান করে। শয়তানের অনুসারী নির্লজ্জ মানুষগুলো আজ টিভিতে, কম্পিউটার ও মোবাইল ফোনে পর্নোগ্রাফির নোংরামী অবলোকন করছে। মনে হচ্ছে যেন মুসলিমরা তাদের লজ্জা শয়তানের কাছে বিক্রয় করে দিয়েছে। আল্লার রাসূল ﷺ বলেন,

إِذَا لَمْ تَسْتَحْيِ فَاصْنَعْ مَا شِئْتَ

যখন তোমার লজ্জা থাকে না তখন যা ইচ্ছা তাই করতে পার। [বুখারী হা/৩৪৮৪, আবু দাউদ হা/৪৭৯৯।]

বলা বাহুল্য নিশ্চয় লজ্জাহীনতার পাপ, মান-সম্মান ও ইজ্জত নষ্টের কারণ। তাই ইসলাম স্ব-ইজ্জত ও অপরের ইজ্জত নষ্ট করতে নিষেধ করেছে। আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক যুবক গোলাম এসে রাসূলুল্লাহ ﷺ-কে বলল হে আল্লাহর রাসূল! আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। তার কথা শুনে লোকেরা চিৎকার দিয়ে উঠল। কিন্তু নবী ﷺ বললেন, তোমরা চুপ করো এবং তাকে জায়গা দাও। তারপর তিনি তাকে বললেন, কাছে এসো। সে কাছে আসতে আসতে একেবারে রাসূল ﷺ এর সামনে গিয়ে বসল। রাসূল ﷺ তাকে বললেন, তুমি কি তোমার মায়ের জন্য যেনা করা ভাল মনে কর? সে বলল, না। তিনি বললেন, অনুরূপভাবে সকল লোকই তাদের মায়ের জন্য এ কাজ ভালো মনে করে না। তোমার মেয়ের জন্য কি তা ভালোবাস? সে বলল, না। তিনি বললেন, এমনিভাবে সকলেই তার মেয়ের জন্য এ কাজ ভালোবাসে না। তোমার বোনের জন্য, তোমার ফুফুর জন্য এ কাজ ভালোবাস? সে বলল, না। তিনি বললেন, একইভাবে সকল লোকই তার বোনের সাথে, ফুফুর সাথে তা অপছন্দ করে। অতঃপর রাসূল্লাহ ﷺ তাঁর হাত তার বুকের উপর রেখে বললেন, হে আল্লাহ! তার পাপ মোচন করে দাও, তার কলব পবিত্র করে দাও এবং তার লজ্জাস্থানের হেফাযত করো। [সিলসিলা ছহীহাহ হা/৩৭০।]