hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮

৪০. শয়তানের আধিপত্য বিস্তার পাচ্ছে

আল্লাহর অবাধ্যচারীদের সঙ্গী হয় শয়তান এবং তাদের মাধ্যমেই শয়তান আধিপত্য বিস্তার করে। শয়তান আদম সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। মহান আল্লাহ বলেন,

﴿لَعَنَهُ اللّٰهُ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيْبًا مَّفْرُوْضًا ‐ وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُم﴾

যার প্রতি আল্লাহ অভিসস্পাত করেছেন সে শয়তান বলল, আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট সংখ্যক গ্রহণ করব। তাদেরকে পথভ্রষ্ট করব, আশ্বাস দেব। (সূরা নিসা ৪:১১৮-১১৯)

বনী আদমের চিরশত্রু শয়তান। সে চায় না বনী আদম জান্নাতে যাক। তাই সে সেদিন বলেছিল,

﴿قَالَ أَرَأَيْتَكَ هٰذَا الَّذِيْ كَرَّمْتَ عَلَيَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلٰى يَوْمِ الْقِيَامَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهٗۤ إِلَّا قَلِيْلًا﴾

আপনি কি ব্যাপারটা খেয়াল করেছেন যে, আপনি এ ব্যক্তিকে (আদমকে) আমার উপর সম্মান দিচ্ছেন? আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তাহলে আমি অল্প কিছু বাদে তার বংশধরকে অবশ্যই অবশ্যই আমার কর্তৃত্বাধীনে এনে ফেলব। (সূরা বানী ইসরাঈল ১৭:৬২)

তাইতো মহান আল্লাহ আমাদেরকে বলেন,

﴿إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّا إِنَّمَا يَدْعُوْ حِزْبَهٗ لِيَكُوْنُوْا مِنْ أَصْحَابِ السَّعِيْرِ﴾

নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, কাজেই তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সে কেবল তার দলবলকে ডাকে, যাতে তারা জ্বলন্ত অগ্নির সঙ্গী হয়। (সূরা ফাতির ৩৫:৬)

শয়তান সৃষ্টির শুরু থেকে মানুষকে বিভিন্ন উপায়-উপকরণের মাধ্যমে জাহান্নামে নেয়ার অপচেষ্টা করে যাচ্ছে। বর্তমানে সে উপায়-উপকরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সিনেমা, নাটক ও ইন্টারনেটের পর্নোগ্রাফিকে।