hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

জুমু‘আর সালাত আদায় করার পদ্ধতি

১. জুমু‘আর সালাতে আগমনকারী ব্যক্তি মসজিদে প্রবেশ করে প্রথমে দু’রাকআত ‘তাহিয়্যাতুল মসজিদ’ আদায় করে নেবে। এরপর ইমামের খুতবা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত যত ইচ্ছা নফল সালাত আদায় করতে পারবে।

২. জুমু‘আর সালাতের পূর্বে ‘‘কাবলাল জুমু‘আ’’ নামে এক সালামে ৪ রাকআত নামায পড়ার নিয়ম নবী ﷺ থেকে প্রমাণিত নয়।

৩. জুমু‘আর ফরয সালাত হচ্ছে দু’রাকআত। জুমু‘আর খুতবা শেষ হওয়ার পর ইমাম সাহেব মুসল্লীদেরকে নিয়ে দু’রাকআত জুমু‘আর ফরয সালাত আদায় করবেন।

৪. জুমু‘আর ফরয আদায়ের পর ৪ রাকআত সুন্নাত পড়বে। এ ৪ রাকআত সালাত একসাথে আদায় না করে দুই সালামে আদায় করা উত্তম।

عَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ - مَنْ كَانَ مِنْكُمْ مُصَلِّيًا بَعْدَ الْجُمُعَةِ فَلْيُصَلِّ أَرْبَعًا

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি জুমু‘আর পরে সালাত আদায় করতে চায় সে যেন ৪ রাকআত আদায় করে। [সহীহ মুসলিম, হা/৮৮১; আবু দাউদ, হা/১১৩৩; তিরমিযী, হা/৫২৩; সহীহ ইবনে খুযায়মা, হা/১৮৭৪।]

৫. যদি কেউ মসজিদে সুন্নাত আদায় না করে বাড়িতে গিয়ে আদায় করে তবে সে দু’রাকআত আদায় করবে।

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُوْلَ اللهِ كَانَ يُصَلِّيْ قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ وَبَعْدَهَا رَكْعَتَيْنِ وَبَعْدَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ فِي بَيْتِه وَبَعْدَ الْعِشَاءِ رَكْعَتَيْنِ وَكَانَ لَا يُصَلِّيْ بَعْدَ الْجُمُعَةِ حَتّٰى يَنْصَرِفَ فَيُصَلِّيْ رَكْعَتَيْنِ

আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ যোহরের পূর্বে দু’রাকআত, যোহরের পর দু’রাকআত, মাগরিবের পর নিজের ঘরে দু’রাকআত এবং এশার পর দু’রাকআত সালাত আদায় করতেন। আর জুমু‘আর দিন নিজের ঘরে না যাওয়া পর্যন্ত সালাত আদায় করতেন না। অতঃপর ঘরে ফিরে দু’রাকআত সালাত আদায় করতেন। [মুয়াত্তা ইমাম মালেক, হা/৩৯৮; সহীহ বুখারী, হা/৯৩৭; সহীহ মুসলিম, হা/২০২৭; আবু দাউদ, হা/১২৫৪; নাসাঈ, হা/৮৭৩।]

৬. আখেরী যোহর নামে জুমু‘আর সালাতের পরে পুনরায় যোহরের চার রাকআত পড়া বিদআত। কেননা জুমু‘আর পর যোহর পড়ার কোন দলীল নেই। যে ব্যক্তি জুমু‘আর সালাত আদায় করে, তার উপর থেকে যোহরের ফরযিয়াত উঠে যায়।

৭. যদি কেউ ইমামকে সিজদা অবস্থায় অথবা শেষ বৈঠকে পায় তাহলে সে পূর্ণ চার রাকআত যোহরের সালাত আদায় করবে। [মুয়াত্তা ইমাম মালেক, হা/২৩৮; তিরমিযী, হা/৫২৪; বায়হাকী, ৩/২০৪; মিশকাত হা/১৪১২।]

৮. বিশেষ ওজরের কারণে জুমু‘আর সালাত পড়তে না পারলে যোহরের সালাত পড়ে নেবে। [ফিকহুস সুন্নাহ ১/২২৬-২৭।]