hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

রজব মাস শবে মিরাজ

মিরাজের পরিচয় :

শব ( شَبْ ) শব্দটি ফারসী, যার অর্থ হচ্ছে রাত। আর মিরাজ ( مِعْرَاجٌ ) শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে সিঁড়ি, এখানে ঊর্ধ্বাকাশে পরিভ্রমণ করাকে বুঝানো হয়েছে। সুতরাং ‘শবে মিরাজ’ এর শাব্দিক অর্থ হচ্ছে, ঊর্ধ্বাকাশে পরিভ্রমণের রাত। ইসলামী পরিভাষায়, যে রাতে রাসূলুল্লাহ ﷺ মসজিদে আকসা হতে সপ্তম আকাশের ঊর্ধ্বে স্বশরীরে জাগ্রত অবস্থায় বিশেষ বাহনের উপর আরোহণ করে বিভিন্ন নিদর্শন পরিদর্শন করার মাধ্যমে যে মু‘জিযা লাভ করেন, সে রাতকেই শবে মিরাজ বলা হয়। আল্লাহ তা‘আলা এর সত্যতা প্রমাণ করে বলেন,

﴿اَفَتُمَارُوْنَهٗ عَلٰى مَا يَرٰى ‐ وَلَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰى ‐ عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰى ‐ عِنْدَهَا جَنَّةُ الْمَأْوٰى ‐ - إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشٰى ‐ مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغٰى – لَقَدْ رَاٰى مِنْ اٰيَاتِ رَبِّهِ الْكُبْرٰى﴾

সে যা দেখেছে তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে বিতর্ক করবে? নিশ্চয় সে তাকে আরো একবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকট অবস্থিত জান্নাতুল মা’ওয়া। যখন সিদরাতটি যা দিয়ে ঢাকার তা দ্বারা ঢাকা ছিল। তার দৃষ্টি ভ্রষ্ট হয়নি এবং দৃষ্টি সীমালঙ্ঘনও করেনি। অবশ্যই সে তার প্রতিপালকের মহান নিদর্শনাবলি দেখেছিল। (সূরা নাজম : ১২-১৮)

কুরআনুল কারীমে এ ঘটনাটিকে বুঝাতে ইসরা ( اَلْاِسْرَاءُ ) শব্দ ব্যবহার করা হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ ﷺ-কে উক্ত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণের পূর্বে মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যমত্ম জিবরাঈল (আঃ) এর সাথে বিশেষ বাহনের মাধ্যমে জাগ্রত অবস্থায় ভ্রমণ করানো হয়, তাই এ রাতকে লাইলাতুল ইসরাও বলা হয়। আল্লাহ তা‘আলা বলেন,

﴿سُبْحَانَ الَّذِيْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَى الَّذِيْ بَارَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيَاتِنَاؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ﴾

পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তাঁর বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যমত্ম, যার চারপাশকে করে দিয়েছিলাম বরকতময়। যাতে করে তাকে আমার নিদর্শনসমূহ দেখাতে পারি; নিশ্চয় তিনি (আল্লাহ) সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। (সূরা বনী ইসরাঈল- ১)

মিরাজ স্বশরীরে হয়েছিল না স্বপ্নযোগে হয়েছিল :

মিরাজ স্বশরীরে হয়েছিল না স্বপ্নযোগে হয়েছিল এটা নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন, স্বপ্নযোগে হয়েছিল। তবে এ ধারণা সঠিক নয়। অধিকাংশ আলেম, ফকীহ ও মুহাদ্দিসের অভিমত হলো, নবী ﷺ এর জাগ্রত অবস্থায় স্বশরীরে মিরাজ সংঘটিত হয়েছিল।