hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

মিরাজের তারিখ

মিরাজ হচ্ছে একটি সুপ্রসিদ্ধ ঘটনা এবং এতে কোন সন্দেহের অবকাশ নেই। আলেমগণ এ ব্যাপারে একমত যে, মিরাজ নবুওয়াতের পরে এবং হিজরতের পূর্বে রাসূলুল্লাহ ﷺ মক্কায় থাকা অবস্থাতেই সংঘটিত হয়েছিল। তবে সেটি কোন্ বছরে, কোন্ মাসে এবং কোন্ তারিখে সংঘটিত হয়েছিল- এ ব্যাপারে আলেমগণের বিভিন্ন মত রয়েছে। যেমন-

কারো মতে ১ম নববী বর্ষে মিরাজ সংঘটিত হয়েছিল।

কারো মতে ৫ম নববী বর্ষে সংঘটিত হয়েছিল।

কারো মতে ১০ম নববী বর্ষের রজব মাসের ২৭ তারিখে সংঘটিত হয়েছিল।

কারো মতে ১২তম নববী বর্ষের রমাযান মাসে সংঘটিত হয়েছিল।

কারো মতে ১৩তম নববী বর্ষের মুহাররম মাসে সংঘটিত হয়েছিল।

কারো মতে ১৩তম নববী বর্ষের রবিউল আওয়াল মাসে সংঘটিত হয়েছিল। [আর-রাহীকুল মাখতূম, রাসূলুল্লাহ # এর মিরাজ অধ্যায়।]

উপরোক্ত ছয়টি মতের মধ্যে প্রথম চারটি গ্রহণযোগ্য নয়। যদিও তৃতীয় মতটিই উপমহাদেশে প্রচলিত আছে। কেননা এ ব্যাপারে বিদ্বানগণ একমত যে, রাসূলুল্লাহ ﷺ এর স্ত্রী খাদীজা (রাঃ) পাঁচ ওয়াক্ত নামায ফরয হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছিলেন। আর তারা এ ব্যাপারেও একমত যে, খাদীজা (রাঃ) এর মৃত্যু হয়েছিল ১০ম নববী বর্ষের রমাযান মাসে।

এখন বাকি থাকে শেষের তিনটি মত। এগুলোর মধ্যে কোন একটিকে নিশ্চিতভাবে প্রাধান্য দেয়া যায় না। তবে এটা নিশ্চিত যে, মিরাজ সংঘটিত হয়েছিল রাসূলুল্লাহ ﷺ এর মদিনায় হিজরতের খুবই নিকটবর্তী সময়ে।