hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

আশুরা উপলক্ষে বিদআতের সূচনা ও তার ক্রমবিকাশ

আশুরা উপলক্ষে বিদআতের সূচনা হয় ৩৫১ হিজরীতে বাগদাদে আববাসীয় খলীফা মুতী বিন মুকতাদিরের শাসনামলে। সে সময় শিয়ারা অনেক ক্ষমতার অধিকারী ছিল। তাদের নেতা ছিল আহমাদ ওরফে মুইযযুদ্দৌলা। সে-ই সর্বপ্রথম উসমান (রাঃ) এর শাহাদাত বরণের দিনকে ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছিল। ফলে এটি পরবর্তীতে শিয়াদের মধ্যে ব্যাপক প্রচার ও প্রসার লাভ করে এবং তাদের কাছে এ দিনটি ঈদুল আযহার দিন থেকেও বেশি গুরুত্ব পায়।

অতঃপর সে খলীফার সমর্থন নিয়ে পরের বছর তথা ৩৫২ হিজরীর শুরুতে হুসাইন (রাঃ) এর শাহাদাত বরণের দিন তথা ১০ই মুহাররমকে শোক দিবস হিসেবে ঘোষণা করে এবং সকল দোকান-পাট, ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত বন্ধ করে দেয়; এমনকি মহিলাদেরকে শোকে চুল ছিঁড়তে, চেহারা কালো করতে, রাস্তায় নেমে শোকগাথা গেয়ে চলতে বাধ্য করে। শহর ও গ্রামের সর্বত্রই সকলকে শোক মিছিলে যোগদান করতে নির্দেশ দেয়। এতে শিয়ারা খুশি মনে এই নির্দেশ পালন করতে থাকে। কিন্তু সুন্নীরা এ সময় নীরবতা অবলম্বন করেন। পরে সুন্নীদের উপর এই ফরমান জারি করা হলে তারা এর বিরোধিতা করে। ফলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়।

তারপর ধীরে ধীরে সেটি ১৪১৪ খ্রিস্টাব্দে বাদশাহ তৈমুর লং এর শাসনামলে উপমহাদেশে প্রবেশ করে। সেই সাথে বিকৃতি ঘটে এর প্রকৃত ইতিহাসের। আর এ বিষয়টিকে কেন্দ্র করে অনেক জাল ও বানোয়াটি হাদীসও প্রণয়ন করা হয়। এমনকি বর্তমানে বিষয়টি সারা বিশ্বের শিয়া গোষ্ঠীসহ উপমহাদেশেও সেভাবেই চালু আছে।