hadith book logo

ইতিহাসের ইতিহাস

লেখকঃ গোলাম আহমাদ মোর্তজা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

চতুদর্শ অধ্যায় ভারতের ইতিহাসে পীরদের অবদান

পলাশীর যুদ্ধে পূর্ব পরিকল্পিত পরাজয়ই হচ্ছে মুসলিম সাম্রাজ্যের জীবন্ত সমাধি সাধন। ভারতে অন্তত মুসলিম জনসাধারণ মাটি খুঁড়ে মাথা উঁচু করে উঠতে চেষ্টা করেছে বারবার কিন্তু সহযোগিতার অভাবে তা ফলপ্রসূ হয়নি। মাত্র কয়েক বছরের মধ্যেই ফকির বিদ্রোহ হয়েছিল। কিন্তু কারা সেই ফকির? কারা সেই দরবেশ? কারা সেই তাপস সম্প্রদায়? আজ ইতিহাসে ফকির বিদ্রোহ, ‘মোপলা বিদ্রোহ' প্রভৃতি ইংরেজদের বিরুদ্ধে বিরাট অভ্যুত্থান যদিও ঐতিহাসিক সত্য তবুও তা চাপা পড়ে গেছে কিসের কারণে? কারা এই বিদ্রোহী? বলাবাহুল্য মুসলমান মুবাল্লিগ, মওলভী, মোজাহেদ আর মোল্লার দলই হচ্ছে ঐ সকল বিদ্রোহের নায়ক এবং ধারক।

ইতিহাসে দেখা যায় আল্লাহ ভক্ত ও ফকির তাপসের দল যখনই কোন অন্যায় অত্যাচার অবিচার এবং অধর্মের আঘাতে বিশ্বশান্তি বিঘ্নিত হতে দেখেছেন তখনই তারা বিদ্রোহী হয়েছেন, প্রয়োজনে কারাবরণ করেছেন, প্রাণ দিয়েছেন অকাতরচিত্তে। তাই দেখা যায় কখনো বা তাঁরা লড়েছেন আকবর ও জাহাঙ্গীরের বিরুদ্ধে আবার কখনোবা শিখদের বিরুদ্ধে, কখনোবা ইংরেজ ও তার দালালদের বিরুদ্ধে। সুতরাং এরূপ দৃঢ়চেতা সংগ্রামী মনীষীদের ইতিহাস কিঞ্চিৎ না লিখলে যেন সত্যের অপলাপ হয়, ইতিহাস যেন অসমাপ্ত থেকে যায়। তাই মণি মাণিক্যের সমুদ্র হতে গোটা কয়েক নুড়ি পাঠক-পাঠিকাদের সামনে তুলে ধরা হলো।