hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

১১-দাঈ মানুষদের নিকট তাদের মজলিসে ও থাকার স্থানে আসবেনঃ

দাঈ এই মর্মে আদিষ্ট যে তিনি মানুষদেরকে হেদায়াত করবেন। আর এর অর্থই হল, তিনি তাদের জমায়েত হওয়ার স্থানে, আবাস স্থলে, কর্ম স্থলে, তাঁবু-খীমাতে আরাম ও বিনোদনের স্থান প্রভৃতিতে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করবেন। যেমনটি স্বয়ং নবী কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন। যখনই তিনি লোকদের জামা‘আত দেখতেন তখনই তাদেরকে দাওয়াত দিতেন এবং যাতে তাদের সংষ্কার -কল্যাণ রয়েছে সেদিকে তাদেরকে দিক নির্দেশনা দিতেন। নিশ্চয় কৃত্রিম সংকট, ভয়-ভীতি, অহেতুক লজ্জা-শরম এমনই একটি পোশাক যা কোন দাঈর জন্য পরিধান করা উচিত নয়।

নিশ্চয় মানুষ একক, সামগ্রিক কোনভাবেই কখনো দাঈর অনুসন্ধান করবে না, যদি দাঈ নিজেই তাদের অনুসন্ধান না করেন। এজন্যই মানুষদেরকে তাদের স্বস্থানে যিয়ারত করা সর্বাধিক দাওয়াতী সাফল্য কৌশল যা সর্বাধিক প্রভাব বিস্তারকারী এবং নবুওতী তরীকার অধিক নিকটবর্তী কর্ম কৌশল। পক্ষান্তরে শুধু মাত্র দাওয়াতী তৎপরতা মসজিদসমূহে সীমাবদ্ধ করার অর্থই হল কল্যাণ ও সংষ্কারমুখী ব্যক্তিদের উপরই তা সীমাবদ্ধ রাখা যা মোটেও উচিত নয়। এমন আচরণ নবীর তরীকা থেকে দূরে সরে যাওয়ার নামান্তর। কারণ নবী কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে, বাড়ী-ঘরে, বাজারে তথা সকল স্থানে গিয়ে দাওয়াতের কাজ করেছেন। দাঈর কর্তব্য হল দাওয়াতের সহজসাধ্য সমস্ত মাধ্যম দিয়ে মানুষকে উপকার পৌঁছানো। যেমন:

খুত্ববাহ্, ওয়ায-নছীহত, ক্যাসেট, টিভি চ্যানেল, পত্রিকা, ওয়েব সাইট, ইন্টারনেট-ব্লগসহ আধুনিক যাবতীয় মাধ্যম। পাঠ যোগ্য, শ্রবণ যোগ্য ও দর্শন যোগ্য মাধ্যম তথা পত্রিকা, রেডিও, টিভি, ভিডিও প্রভৃতির মাধ্যমও স্ববিশেষ উল্লেখ যোগ্য। তবে প্রচার মাধ্যমের ক্ষেত্রে আপত্তিকর বিষয়গুলি সম্পর্কে সতর্ক থাকতে হবে। কারণ ক্ষতিকর বিষয় প্রতিহত করা উপকারী বস্ত্ত আহরণ করার চেয়ে অগ্রাধিকার প্রাপ্ত বিষয়।