hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

২-দাঈর উপর ওয়াজিব হল সর্ব সময় সর্বাবস্থায় দাওয়াত করা:

আল্লাহর পথে দাওয়াত দেওয়া, ছালাত, ছিয়াম ও হজ প্রভৃতির মত নিদির্ষ্ট সময়-কালের সাথে সংশ্লিষ্ট নয়। যা থেকে আগে-পিছে করা যাবে না, এমন নয় [মুসাফিরের কিছু কিছু অবস্থায় ছালাত আগে পিছে করা বৈধ রয়েছে। অনুরূপভাবে ছিয়াম বিলম্বিত করা বৈধ। তদ্রূপ যাকাত নির্দিষ্ট কিছু অবস্থায়-যা এখানে ব্যখ্যা করার অবকাশ নেই-বৈধ রয়েছে।]।

নূহ্ আলাইহিস্ সালাম তাঁর জাতীকে রাতে, দিনে, প্রকাশ্যে, অপ্রকাশে সর্বাবস্থায় দাওয়াত দিয়েছেন। অনুরূপভাবে ইউসুফ আলাইহিস্ সালাম জেল খানাকে দাওয়াতের ক্ষেত্র ভূমিতে পরিবর্তিত করে দিয়ে ছিলেন। জেলে থাকার বিষয়টিকে তিনি দাওয়াতী কর্ম থেকে বিরত থাকার ওযর হিসাবে পেশ করেননি।

অতএব, একজন মুসলিম সে নিজ ঘরে, কর্মস্থলে, বাজারে, ব্যবসা-প্রতিষ্ঠানে, নিজ আচার আচরণে, মানুষের সাথে লেন-দেন করার ক্ষেত্রে, সফরে, মুকীম অবস্থায় তথা প্রত্যেকটি অবস্থায় ও প্রতিটি মুহূর্তে দাওয়াতদানকারী হিসাবে ভূমিকা পালন করবে। মহান আল্লাহ্ বলেনঃ

( قُلْ إِنَّ صَلاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ )[ الأنعام :১৬২]

‘নিশ্চয় আমার ছালাত, আমার কুরবানী, আমার জীবন ও মরণ সবই আল্লাহ্ রাববুল আলামীনের জন্য নিবেদিত।’ (সূরা আল্ আন‘আম : ১৬২)।

নবী কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ‘তুমি যেখানেই থাকনা কেন, আল্লাহ্-কে ভয় করবে। (তিরমিযী, কিতাবুল বির ওয়াছ্ ছিলাহ্,হা/১৯৮৭)।