hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

ইলমের ফযীলত সম্পর্কে সালাফে ছালেহীনের কিছু উক্তি :

মু‘আয বিন জাবাল (রাঃ) বলেনঃ এই ইলম দ্বারাই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হয়, হারাম থেকে হালাল চেনা যায়। ইলম হল ইমাম স্বরূপ এবং তার উপর আমল করা হল তার মুক্তাদী বা অনুসারী। এটি সৌভাগ্যশীলদেরকে ইলহাম করা হয় এবং হতভাগ্যদেরকে ইহা থেকে বঞ্চিত রাখা হয়।

ইমাম আহমাদ বিন হাম্বাল রহ. বলেনঃ মানুষ পানাহারের চেয়েও এই ইলমের দিকে বেশী মুখাপেক্ষী। কারণ এক ব্যক্তি দৈনিক এক বার বা দুই বার পানাহারের প্রয়োজনীয়তা অনুভব করে। অথচ তার ইলমের প্রয়োজন হয়ে থাকে তার শাস-নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ।

ইবনু আবী হাতেম রহ. বলেনঃ আমি মুযানীকে বলতে শুনেছি তিনি শাফেঈকে লক্ষ্য করে বলেছেন: আপনার ইলমের প্রতি চাহিদা কিরূপ? তিনি বললেন: নতুন কোন কোন অক্ষর বা বাক্য শুনলে আমার সমস্ত অঙ্গ-প্রতঙ্গ এই আশা করে যে তাদের যদি শ্রবণ শক্তি হত তাহলে তারাও আনন্দবোধ করত যেভাবে দুই কান আনন্দ উপভোগ করে থাকে। তাঁকে বলা হলঃ ইলমের প্রতি আপনার আকর্ষণ কেমন? তিনি বললেনঃ যেমন ভাবে একজন ধন সঞ্চয়কারী কৃপণ ব্যক্তি ধন সংগ্রহে লালায়িত থাকে ঠিক তদ্রূপ আমি ইলমের ক্ষেত্রে লালায়িত। তাঁকে প্রশ্ন করা হল: আপনি এই ইলম কিভাবে অর্জন করেন? তিনি বললেন: যেরূপ কোন মহিলা তার একমাত্র সন্তানটিকে হারিয়ে তালাশ করতে থাকে সেরূপ আমি ইলম অন্বেষণ করি।