hadith book logo

কিতাবুন নিসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِهٖ مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِهٖ وَصَحْبِهٖ اَجْمَعِيْنَ

‘কিতাবুন নিসা’ বইটি প্রকাশ করতে পেরে মহান আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। দরূদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মাদ ﷺ এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবায়ে কেরামের উপর।

মানব সমাজের এক বিরাট অংশ হচ্ছে নারী। আল্লাহ তা‘আলা নারী-পুরুষকে একে অপরের সহযোগী হিসেবে সৃষ্টি করেছেন। পুরুষদের যেমন রয়েছে সম্মান ও মর্যাদা অনুরূপভাবে নারীদেরও রয়েছে সম্মান ও মর্যাদা। নারীদেরকে অবহেলা করা ও তাদের প্রতি যুলুম করার কোন সুযোগ ইসলামে নেই। তারপরও বাস্তবতা হচ্ছে এই যে, সর্বযুগে নারীরা নানাভাবে নির্যাতিত, লাঞ্ছিত ও অপমানিত হয়েছেন এবং হচ্ছেন।

এর কারণ হচ্ছে, ইসলাম সম্পর্কে অজ্ঞতা ও ইসলামের বিধান পালন না করা। আরো বড় কারণ হচ্ছে, সমাজে ইসলাম প্রতিষ্ঠিত না থাকা। অপর দিকে অধিকাংশ নারীদের অবস্থা এই যে, তারা তাদের দায়দায়িত্ব সম্পর্কে অসচেতন। ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা এবং ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার ক্ষেত্রে অধিকাংশ নারীই অবহেলা প্রদর্শন করে থাকেন। এসব কারণে একদিকে তারা দুনিয়াতে নির্যাতিত হচ্ছেন অপরদিকে পরকালের আযাবের দিকে ধাবিত হচ্ছেন।

এজন্য প্রত্যেক নারীর কর্তব্য হচ্ছে, তার উপর যেসব দায়িত্ব রয়েছে সে সম্পর্কে সচেতন হওয়া এবং তা পালন করা। তাহলেই নারীরা তাদের প্রকৃত মর্যাদা ও সম্মান ধরে রাখতে পারবে।

এ বইটিতে নারীদের ঈমান ও আকীদা বিষয়ক অতীব গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরার পাশাপাশি নারীদের দায়িত্ব ও কর্তব্যসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়া নারীদের পবিত্রতা অর্জনের মাসআলাসমূহও তুলে ধরা হয়েছে। নারীদের উপরও দ্বীনের পথে দাওয়াত প্রদান করা আবশ্যক। এজন্য এ বইটিতে নারীদের দাওয়াত ও প্রশিক্ষণের সঠিক দিকনির্দেশনা পেশ করা হয়েছে। বইটি একজন মুসলিম নারীর গাইডলাইন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে- ইনশাআল্লাহ

বইটি প্রকাশনার কাজে যাদের সহযোগিতা রয়েছে আল্লাহ তা‘আলা যেন সকলকে উত্তম বিনিময় দান করেন এবং এ প্রচেষ্টাকে পরকালে মুক্তির ওসীলা বানিয়ে দেন। আমীন

মা‘আস্সালাম

শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

০১৯১২-১৭৫৩৯৬