hadith book logo

কিতাবুন নিসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

আত্মীয়-স্বজনদের ব্যাপারে নারীর দায়িত্ব

আত্মীয়তা ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নারী-পুরুষ প্রত্যেকের জন্য বড় অধিকার ও দায়িত্ব। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَاعْبُدُوا اللهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْئًا وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتَامٰى وَالْمَسَاكِيْنِ وَالْجَارِذِى الْقُرْبٰى وَالْجَارِالْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْۢبِ وَابْنِ السَّبِيْلِ وَمَا مَلَكَتْ اَيْمَانُكُمْؕ اِنَّ اللهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرًا﴾

তোমরা আল্লাহর ইবাদাত করবে, কোনকিছুকে তাঁর সাথে শরীক করবে না এবং পিতামাতা, আত্মীয়স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী, সঙ্গী-সাথি, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে। নিশ্চয় আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। (সূরা নিসা- ৩৬)

﴿وَاتَّقُوا اللهَ الَّذِيْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَؕ اِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا﴾

তোমরা ঐ আল্লাহকে ভয় করো, যার ওসীলা নিয়ে তোমরা একে অপরের কাছে চাও; আর তোমরা আত্মীয়তার সম্পর্ককেও ভয় করো। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর রক্ষণাবেক্ষণকারী। (সূরা নিসা- ১)

হাদীসে এসেছে,

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : سَمِعْتُ رَسُوْلَ اللهِ يَقُوْلُ : ‏مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ عَلَيْهِ رِزْقُهُ أَوْ يُنْسَأَ فِيْ أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَه

আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি, যে ব্যক্তি তার জীবিকার প্রশস্ততা কিংবা দীর্ঘায়ু পছন্দ করে, সে যেন তার আত্মীয়ের সাথে সদ্ব্যবহার করে। [সহীহ বুখারী, হা/২০৬৭; সহীহ মুসলিম, হা/৬৬৮৭।]

নারী নিম্নলিখিতভাবে আত্মীয়-স্বজনের ব্যাপারে দায়িত্ব পালন করবে :

১. তাদের অধিকারসমূহ আদায় করা।

২. সময়ে সময়ে তাদের সাথে কথাবার্তা বলা। তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা, বিশেষ করে তাদের মধ্যে যার কোন বিশেষ সমস্যা রয়েছে। যেমন তাদের অসুস্থ ব্যক্তিকে সেবা করা, তাকে সান্ত্বনা দেয়া এবং তার জন্য দু‘আ করা।

৩. তাদের সমাবেশকে ভালো কথা ও উত্তম উপদেশ দ্বারা ফলপ্রসূ করা। যেমন- তাদের নিকট উপকারী বক্তব্য পেশ করা, তাদেরকে প্রচলিত ভুলত্রুটি ও অন্যায় অপরাধ সম্পর্কে সতর্ক করা, তাদের জন্য মহিলা দাঈকে মেহমান হিসেবে আমন্ত্রণ জানানো, বড় বড় আলেমদের রেকর্ডকৃত বক্তব্য তাদেরকে শোনানোর ব্যবস্থা করা এবং তাদেরকে ভালো বই উপহার দেয়া ইত্যাদি।

৪. বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে উপহার সামগ্রী বিতরণ করা। কারণ উপহার উপঢৌকন মানব মনে বড় ধরনের প্রভাব ফেলে। তা সকল প্রকার বিদ্বেষ দূর করে অন্তরের কলুষতা ও অপবিত্রতাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। মন থেকে বিদ্বেষ ও শত্রুতাকে আস্তে আস্তে বের করে দেয়। সম্পর্ককে নির্ভেজাল করে, সকল প্রকার হিংসা-বিদ্বেষ দূর করে এবং একে অপরকে ঘনিষ্ঠ করে।

৫. তাদের মধ্যে যারা দরিদ্র বা বিপদগ্রস্ত আছে তাদেরকে সহযোগিতা করা।