hadith book logo

কিতাবুন নিসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬

যুদ্ধক্ষেত্রে মুসলিম নারীদের অবদান

দ্বীনের প্রচার ও প্রতিষ্ঠার ব্যাপারে ঈমানদার নারীরা কখনো নিষ্ক্রিয় থাকেননি, বরং তারাও ইসলামের দুশমনদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে সরাসরি ও প্রত্যক্ষভাবে বহুবার অংশগ্রহণ করেছেন। বাতিল শক্তির বিনাশ সাধনে তাঁরা পূর্ণ শক্তিতে এগিয়ে এসেছেন। যেখানে তাঁরা নিজেদের হাতে অস্ত্রধারণ করেননি, সেখানে পুরুষদেরকে অস্ত্রধারণের জন্য সাহস যুগিয়েছেন। পাশাপাশি তাঁরা জিহাদে আহত লোকদের সেবা-শুশ্রূষা করেছেন। তারা মুজাহিদদের জন্য খাবার তৈরি করে পৌঁছে দিতেন, তাঁদের জন্য বিশ্রামের ব্যবস্থা করতেন এবং তাঁদেরকে পানি পান করাতেন। হাদীসে এসেছে,

عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ قَالَتْ كُنَّا مَعَ النَّبِيِّ نَسْقِيْ وَنُدَاوِي الْجَرْحَى وَنَرُدُّ الْقَتْلٰى اِلَى الْمَدِيْنَةِ

রুবাইয়ি‘ বিনতে মু‘আববিয (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ ﷺ এর সাথে থেকে যুদ্ধের ময়দানে লোকদেরকে পানি পান করাতাম এবং আহতদের সেবা-শুশ্রূষা করতাম ও নিহত যুদ্ধাদেরকে মদিনায় ফেরত নিয়ে যেতাম। [সহীহ বুখারী, হা/২৮৮২; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/২০১৬৩; মুসনাদে ইসহাক ইবনে রাহওয়াইহ, হা/২২৬১; মা‘রেফাতুস সাহাবা, হা/৭০০১।]

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ رَسُوْلُ اللّٰهِ - - يَغْزُو بِأُمِّ سُلَيْمٍ وَنِسْوَةٍ مِنَ الْأَنْصَارِ مَعَه إِذَا غَزَا فَيَسْقِيْنَ الْمَاءَ وَيُدَاوِيْنَ الْجَرْحٰى

আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যুদ্ধ করতেন। আর তখন উম্মে সুলাইম এবং আরো কয়েকজন আনসারী মহিলা তার সাথে ছিলেন। তারা যুদ্ধাদেরকে পানি পান করাতেন এবং আহতদের সেবা করতেন। [সহীহ মুসলিম, হা/৪৭৮৫; আবু দাউদ, হা/২৫৩৩; তিরমিযী, হা/১৫৭৫; সহীহ ইবনে হিববান, হা/৪৭২৩; মুসনাদুল বাযযার, হা/৬৮৮০; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/৭৫১৫; মুসনাদে আবু ই‘আলা, হা/৩২৯৫; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/১৮৩১২; মুসত্মাখরাজে আবু আওয়ানা, হা/৫৫০৭; মিশকাত, হা/৩৯৪০।]

عَنْ أُمِّ عَطِيَّةَ الْأَنْصَارِيَّةِ قَالَتْ غَزَوْتُ مَعَ رَسُوْلِ اللّٰهِ - - سَبْعَ غَزَوَاتٍ أَخْلُفُهُمْ فِىْ رِحَالِهِمْ فَأَصْنَعُ لَهُمُ الطَّعَامَ وَأُدَاوِى الْجَرْحٰى وَأَقُوْمُ عَلَى الْمَرْضَى

উম্মে আতীয়া আনসারী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ এর সাথে সাতটি যুদ্ধে যোগদান করেছি। এমতাবস্থায় আমি মুজাহিদদের জিনিসপত্রের রক্ষণাবেক্ষণ করতাম। তাঁদের জন্য খাবার তৈরি করতাম এবং আহত ও রোগাক্রান্তদের সেবা-শুশ্রূষা করতাম। [সহীহ মুসলিম, হা/৪৭৯৩; ইবনে মাজাহ, হা/২৮৫৬; মুসনাদে আহমাদ, হা/২০৮১১; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/২০৬৪১; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/৩৪৩৩৮; মিশকাত, হা/৩৯৪১।]

عَنْ أَنَسٍ أَنَّ أُمَّ سُلَيْمٍ اتَّخَذَتْ يَوْمَ حُنَيْنٍ خِنْجَرًا فَكَانَ مَعَهَا فَرَاٰهَا أَبُو طَلْحَةَ فَقَالَ يَا رَسُوْلَ اللّٰهِ هٰذِهِ أُمُّ سُلَيْمٍ مَعَهَا خَنْجَرٌ فَقَالَ لَهَا رَسُوْلُ اللّٰهِ -- : مَا هٰذَا الْخَنْجَرُ . قَالَتِ اتَّخَذْتُه إِنْ دَنَا مِنِّىْ أَحَدٌ مِنَ الْمُشْرِكِيْنَ بَقَرْتُ بِه بَطْنَه . فَجَعَلَ رَسُوْلُ اللّٰهِ - - يَضْحَكُ

আনাস (রাঃ) হতে বর্ণিত যে, (তাঁর মা) উম্মে সুলাইম হুনাইনের যুদ্ধের দিন একটি ছুরি ধারণ করেছিলেন, যা তার সঙ্গে থাকত। (তার স্বামী) আবু তালহা তা দেখতে পেয়ে বলেন, হে আল্লাহর রাসূল! ইনি উম্মে সুলাইম। তার সাথে একটি ছোরা রয়েছে। রাসূলুল্লাহ ﷺ তাঁকে বললেন, এ ছোরা কিসের জন্য? তিনি বললেন, এটি এজন্য নিয়েছি যে, যদি কোন মুশরিক আমার কাছাকাছি আসে, তাহলে আমি এটা দিয়ে তার পেট চিরে ফেলব। তখন রাসূলুল্লাহ ﷺ হাসতে লাগলেন। [সহীহ মুসলিম, হা/৪৭৮৩; মুসনাদে আহমাদ, হা/১৪০০৭; সহীহ ইবনে হিববান, হা/৭১৮৫; মুসনাদুল বাযযার, হা/৬৪৩৯; মুসনাদে আবু ই‘আলা, হা/৩৪১১; মুসত্মাখরাজে আবু আওয়ানা, হা/৫৫০৬; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/২০৮০০; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/১২৫৪২।]

এসব মহিলা কোন বাহ্যিক চাপে পড়ে অথবা কোন বৈষয়িক প্রলোভনে পড়ে যুদ্ধের মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজসমূহে অংশগ্রহণ করেননি। বরং তাঁরা দ্বীন ইসলামের প্রতিরক্ষা এবং যুদ্ধে অংশগ্রহণকারীদের সাহায্য-সহযোগিতা ও সাহচর্যকে নিজেদের জন্য বিশেষ সম্মানজনক ও পরকালে মহাকল্যাণ লাভের উপায় মনে করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।