hadith book logo

কিতাবুন নিসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০

ইসলাম নারীদেরকে জাতীয় নেতৃত্বের দায়িত্ব অর্পণ করেনি

ইসলাম নারীদেরকে জাতীয় নেতৃত্বের মতো কোন পদের দায়িত্ব অর্পণ করেনি। নারীদের স্বাভাবিক দুর্বলতা ও সীমাবদ্ধতাই জাতীয় নেতৃত্ব ও রাষ্ট্রীয় কর্তৃত্ব থেকে তাদের অব্যাহতি দেয়ার এবং এ পদের জন্য অনুপযোগী বিবেচিত হওয়ার আসল কারণ। ইসলামের দৃষ্টিতে মুসলিমদের নেতা হওয়ার যোগ্য এমন ব্যক্তি, যার দ্বীন-ইসলামের মৌলিক ও খুঁটিনাটি বিষয়ে ইজতিহাদী যোগ্যতা ও প্রতিভা রয়েছে এবং যিনি সমস্ত জাতীয় ও সামষ্টিক বিষয়াদি সূক্ষ্ম ও তীক্ষ্ম দৃষ্টিতে বিচার-বিবেচনা করতে পারবেন, যুদ্ধ ও সন্ধি সংক্রান্ত জটিল বিষয়াদিতে বিচক্ষণতা ও দূরদৃষ্টি প্রয়োগ করতে পারবেন এবং অতীব বীরত্ব ও সাহসিকতা সহকারে যাবতীয় সমস্যার মোকাবেলা করার যোগ্যতা রাখেন। আর এ পর্যায়ের জরুরি ও অত্যাবশ্যকীয় গুণাবলি আল্লাহ তা‘আলা কেবলমাত্র পুরুষদেরকেই দিয়েছেন। হাদীসে এসেছে,

عَنْ أَبِي بَكْرَةَ قَالَ لَقَدْ نَفَعَنِي اللهُ بِكَلِمَةٍ سَمِعْتُهَا مِنْ رَسُوْلِ اللهِ أَيَّامَ الْجَمَلِ بَعْدَ مَا كِدْتُ أَنْ أَلْحَقَ بِأَصْحَابِ الْجَمَلِ فَأُقَاتِلَ مَعَهُمْ قَالَ : لَمَّا بَلَغَ رَسُوْلَ اللهِ أَنَّ أَهْلَ فَارِسَ قَدْ مَلَّكُوْا عَلَيْهِمْ بِنْتَ كِسْرٰى قَالَ لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمُ امْرَأَةً

আবু বাক্রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ এর কাছ থেকে যে কথা শুনেছি, তা থেকে আল্লাহ আমাকে অনেক ফায়দা দান করেছেন। যেমন- জামাল (উষ্ট্রের) যুদ্ধের সময় আমি মনে করতাম, হক জামালওয়ালাদের অর্থাৎ আয়েশা (রাঃ) এর পক্ষে রয়েছে। কাজেই আমি তাঁর পক্ষ অবলম্বন করে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম। এ সময় রাসূলুল্লাহ ﷺ এর একটি বাণী মনে পড়ে গেল, যা তিনি কিসরার কন্যার সিংহাসনে আরোহণের খবর শুনে বলেছিলেন। তিনি বলেছিলেন, সে জাতি কখনো সফলকাম হতে পারে না, যে জাতি তাদের রাষ্ট্রীয় কর্তৃত্ব একজন মহিলার হাতে সোপর্দ করে। [সহীহ বুখারী, হা/৪৪২৫; নাসাঈ, হা/৫৩৮৮; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৫৩৩২; মুসত্মাদরাকে হাকেম, হা/৪৬০৮; তিরমিযী, হা/২২৬২; মিশকাত, হা/৩৬৯৩।]

এ হাদীস থেকে জানা গেল যে, নারীদেরকে কোন জাতির নেত্রী বানানো জায়েয নয়। আর এ ব্যাপারে কোন দ্বিমত নেই।