hadith book logo

কিতাবুন নিসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

সামাজিক ক্ষেত্রে মুসলিম নারীর দায়িত্ব

মুসলিম নারী সমাজের মধ্যে কোন ব্যর্থ সদস্য নন; বরং তিনি হলেন প্রভাব-প্রতিপত্তির পাত্র। আর মুসলিম নারী হলেন আল্লাহর পথে আহবানকারিণী। সুতরাং তার জন্য কর্তব্য হলো, সমাজ বিনির্মাণ, সংশোধন ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে বিশেষ অবদান রাখা।

নারীদের দায়িত্ব ও কর্তব্যের পরিধি সমাজ ও পুরো জাতিকে অন্তর্ভুক্ত করে। আর সে দায়িত্ব ও কর্তব্য হচ্ছে,

১. আল্লাহর দিকে আহবান করা, সৎকাজের আদেশ দেয়া, অসৎকাজ হতে নিষেধ করা, কল্যাণমূলক কাজের আঞ্জাম দেয়া ইত্যাদি।

আয়েশা (রাঃ) উম্মতের জন্য রাসূলুল্লাহ ﷺ এর অনেক হাদীস বর্ণনা করেছেন। তাঁর আবাসিক অবস্থানের বিবরণ দিয়েছেন এবং সাহাবীদেরকে বিভিন্ন বিষয়ে সংশোধন করেছেন। আর তাঁদেরই আরেকজন হলেন যয়নব বিনতে জাহাশ (রাঃ)। তিনি মিসকীনদের পাশে দাঁড়িয়েছেন, যার কারণে তাঁর নিকট কোন কিছুই অবশিষ্ট ছিল না। এরকম আরো অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। সুতরাং ঐসব মর্যাদাবান নারীগণ হলেন আদর্শ নমুনা ও অনুকরণীয় দৃষ্টান্ত।

নারী মা, স্ত্রী, কন্যা, বোন, খালা অথবা ফুফু ইত্যাদি হওয়া থেকে মুক্ত নয়। আবার তার মধ্যে যুক্ত হয় বৈবাহিক সূত্রে আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশীত্ব ও বন্ধুত্ব। সুতরাং নারী হচ্ছে সমাজ ও জাতির অঙ্গ এবং তার উপাদানসমূহের মধ্য থেকে অন্যতম উপাদান। সমাজের সাথে এ ধরনের প্রতিটি সম্পর্কই নারীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্যের অধিকারী বানিয়ে দেয়।

২. মহিলাদের সাথে বিশেষ কিছু বিষয়ে কথা বলার ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীই অধিক উপযুক্ত। সুতরাং যেখানে পুরুষের পক্ষে কোন বিষয় প্রচার করা অসম্ভব, সেখানে নারীর পক্ষে তা প্রচার করা সহজেই সম্ভব।

৩. অনুরূপভাবে নারীরা তাদের স্বজাতীয় মেয়েদের সাথে মেলামেশার মাধ্যমে, তাদের আচার-আচরণের প্রতি দৃষ্টি আকর্ষণের মাধ্যমে এবং তারা ভুলত্রুটিতে পতিত হলে তার প্রতি মনোযোগ আকর্ষণের মাধ্যমে যথাযথ সংস্কার-পদ্ধতি প্রয়োগ করা খুব সহজেই সম্ভব।

আরো যেসব সামাজিক দায়িত্ব রয়েছে তা হলো :

১. পারস্পরিক পরামর্শ আদান-প্রদান করা।

২. কেউ অসুস্থ হলে দেখতে যাওয়া।

৩. দেখা হলে সালাম প্রদান করা।

৪. বিয়ের উপযুক্ত যুবক-যুবতীদের বিবাহের ব্যবস্থা করা।

৫. সমাজে প্রচলিত অনৈতিক বিষয়ে পরস্পরকে সচেতন করে তোলা।

৬. কাউকে কোন গোনাহের কাজ করতে দেখলে তাকে সে কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা।