hadith book logo

তাকওয়া

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

আল্লাহকে ভালোবাসার মাধ্যম - তাকওয়া

আল্লাহর জন্য ভালোবাসা সম্পর্কে জাহিলী যুগে মানুষের কোন ধারণা ছিল না। স্বাদেশিকতা, বংশ-সম্পর্ক বা অনুরূপ কিছু ছিল তাদের পারস্পরিক সম্পর্কের মূল ভিত্তি। আল্লাহর বিশেষ দয়ায় ইসলামের আলো উদ্ভাসিত হল। পরস্পর সম্পর্ক প্রতিষ্ঠায় উৎকর্ষতা আসল । ধর্মীয় সম্পর্ক সর্বোত্তম ও সুমহান সম্পর্ক হিসেবে রূপ লাভ করল। এ-সম্পর্কের উপরেই প্রতিদান, পুরস্কার, ভালোবাসা ও ঘৃণা সাব্যস্ত হল। ইসলামের বিকাশের সাথে সাথে ইসলামী ভ্রাতৃত্ব ও আল্লাহর জন্য ভালোবাসা ইত্যাদি পরিভাষা চালু হল । আল্লাহর জন্য ভালোবাসা-এর অর্থ হচ্ছে, এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের কল্যাণ কামনা করা। সম্পদের মোহ, বংশ বা স্থান ইত্যাদির কোন সংকীর্ণতা একে অপরের সম্পর্কের মানদণ্ড হবে না।

১) আল্লাহর জন্য ভালোবাসা স্থাপনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন : আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন - এক ব্যক্তি অন্য গ্রামে বসবাসকারী নিজ ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বের হল। মহান আল্লাহ তার জন্য পথে একজন ফিরিশতা মোতায়েন করে রাখলেন। যখন ঐ ফিরিশতা সেই ব্যক্তির নিকটবর্তী হল, বলল, তুমি কোথায় যাও? সে বলল, এই গ্রামে বসবাসকারী আমার এক ভাইয়ের সাথে সাক্ষাত করা আমার উদ্দেশ্য। ফিরিশতা বলল, তার কাছে তোমার কোন পাওনা আছে কি? সে বলল, না। কিন্তু আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। তখন ফিরিশতা বলে উঠল, নিশ্চয়ই আমি তোমার নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। মহান আল্লাহ অবশ্যই তোমাকে ভালোবেসেছেন যে রকম তুমি তাকে আল্লাহর জন্য ভালোবেসেছ। (সহীহ মুসলিম)

২) হাদীসে কুদসীতে আছে মহান আল্লাহ বলেন : আমার জন্য পরস্পর ভালোবাসা স্থাপনকারী, পরস্পর উঠা-বসাকারী, পরস্পর সাক্ষাতকারী, পরস্পর ব্যয়কারীদের জন্য আমার ভালোবাসা অবধারিত। (আহমাদ)

৩) মহান আল্লাহর জন্য পরস্পর ভালোবাসা স্থাপনকারীরা আল্লাহর আরশের ছায়াতলে অবস্থান করবে, যেদিন তাঁর আরশের ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না। রসূলুল্লাহ (ﷺ) বলেন : মহাবিচারের দিনে সাত ব্যক্তিকে আল্লাহ তাঁর আরশের ছায়াতলে ছায়া দিবেন, যেদিন তাঁর আরশের ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না; তাদের মাঝে এমন দুজন ব্যক্তিকে, যারা আল্লাহর জন্য পরস্পরের প্রতি ভালোবাসা স্থাপন করেছে, তাঁর ভালোবাসায় তারা একত্রিত হয়েছে, এবং তাঁর ভালোবাসায় তারা পৃথক হয়েছে। (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)।

৪) রসূলুল্লাহ (ﷺ) আরো বলেন : আল্লাহ কিয়ামত দিবসে বলবেন, আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পর ভালোবাসা স্থাপনকারীরা কোথায়? আজকের দিনে যখন আমার আরশের ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে। আমি তাদের ছায়া দেব । (সহীহ মুসলিম)

৫) আল্লাহর জন্য ভালোবাসা জান্নাতে প্রবেশের বিশেষ মাধ্যম। রসূলুল্লাহ (ﷺ) বলেন : ঈমানদার না হওয়া পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং পরস্পর ভালোবাসা স্থাপন না করা পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। (সহীহ মুসলিম)