hadith book logo

তাকওয়া

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

আল্লাহর ভয় না মানুষের ভয়?

আমি যদি আমার সারাদিনের কাজকর্ম এবং সারা জীবনের কাজকর্ম শুধু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করি এবং আল্লাহকে ভয় করে করে থাকি তাহলে আমাকে এই পৃথিবীর আর কাউকে ভয় করতে হবে না। আর যদি আমার কাজকর্মে গলদ থেকে থাকে অর্থাৎ আল্লাহর ভয় না থাকে, তাহলে প্রতিটি ক্ষেত্রে আমাকে মানুষকে ভয় পেতে হবে, সবসময় ডানে-বামে-পেছনে তাকাতে হবে কেউ দেখল কিনা। সারাক্ষণ মনে হবে চোরের মন পুলিশ-পুলিশ, কোন কাজ করে সত্যিকার শান্তি পাওয়া যাবে না। সব সময় মনে হবে এই বুঝি কেউ দেখে ফেলল। উঠতে-বসতে মানুষকে ভয় করতে হবে, আতীয়-স্বজনকে ভয় করতে হবে, অফিসের বসকে ভয় করতে হবে, স্ত্রীকে ভয় করতে হবে, সন্তানদেরকে ভয় করতে হবে, বাড়ির কাজের লোক বা দারোয়ানকে ভয় করতে হবে, বন্ধুবান্ধবকে ভয় করতে হবে, পাড়া-প্রতিবেশীকে ভয় করতে হবে, থানা-পুলিশকে ভয় করতে হবে ইত্যাদি। এখন একটু গভীরভাবে চিন্তা করে দেখি আমি কার ভয়ে নিজের জীবনকে গড়বো! তাই সবসময় মনে রাখতে হবে আমি গোপনে বা প্রকাশ্যে যা কিছু করছি তা সবজান্তা আল্লাহ দেখছেন এবং দুই কাঁধের ফিরিশতারা তা লিখছেন। সুতরাং ভয় অবশ্যই আল্লাহকেই করতে হবে যিনি সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা। তাছাড়া তাঁর কুরআনে আল্লাহ মানুষকে অসংখ্যবার আদেশ দিয়েছেন, “আমাকে ভয় কর”। আল্লাহকে ভয় করা আমাদের ঈমানেরই অংশ, ঈমানের দাবী। তাকওয়া অর্জনের ক্ষেত্রে আল্লাহকে ভয় করাই হচ্ছে প্রথম পদক্ষেপ।