hadith book logo

ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস

লেখকঃ মুহাম্মাদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

খুসূফ ও কুসুফের সালাত (চন্দ্র গ্রহণ ও সূর্য গ্রহণের নামাজ)

১। আয়েশা (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের যামানায় একদা সূর্য গ্রহণ হয়েছিল। তখন তিনি এক ঘোষককে পাঠালেন এই ঘোষণা দিতে যে, সালাতের জন্য একত্রিত হও। তিনি সালাতে দাঁড়ালেন এবং ২ রাকা‘আত সালাতে ৪ বার রুকু ও ৪ বার সিজদা করলেন। (বর্ণনায় বুখারী)

২। আয়েশা (রাঃ) বলেনঃ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের যামানায় একবার সূর্যগ্রহণ হয়েছিল। তখন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের নিয়ে সালাতে মগ্ন হন। খুব লম্বা করে কিরাত পড়লেন। তারপর খুব লম্বা করে রুকু করলেন। তারপর রুকু হতে মাথা উঠালেন। তারপর আবার দীর্ঘ কিরাত পড়লেন, তারপর আবার রুকুতে যেয়ে দীর্ঘ সময় অতিবাহিত করলেন। তারপর রুকু হতে সোজা হয়ে দাড়িয়ে সিজদাতে গেলেন। তারপর দু‘বার সিজদা করলেন। তারপর সিজদা হতে দাড়িয়ে দ্বিতীয় রাকা‘আত আদায় করলেন প্রথম রাকা‘আতের অনুরূপ। সালাম ফিরালেন। ততক্ষণে সূর্য গ্রহণ শেষ হয়ে গেছে। এরপর খুতবা দিলেন এবং বললেনঃ নিশ্চয়ই সূর্য ও চন্দ্র গ্রহণ কারো মৃত্যু বা জন্মের কারণে ঘটে না। তারা আল্লাহপাকের নিদর্শনসমূহের অন্তর্গত যা আল্লাহ তাআলা তাঁর বান্দাদের দেখান। যখনই তোমরা ইহা দেখতে পাবে তখনই সাথে সাথে সালাতে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলার নিকট দু‘আ করতে থাক, সালাত আদায় করতে থাক এবং দান সাদকাহ করতে থাক।

হে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের উম্মত ! কোন পুরুষ বা নারী যখন যিনা করে তখন আল্লাহ তাআলার চেয়ে বেশী কারো আত্নসম্ভ্রমে আঘাত লাগে না। ওহে উম্মতে মুহাম্মাদী! আল্লাহর কসম, আমি যা জ্ঞাত আছি তা যদি তোমরা জানতে তবে খুব কমই হাসতে আর বেশী বেশী করে কাঁদতে। ওহে, আমি কি (আমার কথা) পৌঁছিয়েছি? (বর্ণনায় বুখারী ও মুসলিম)